বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

কলেজ শিক্ষকদের দায়িত্বে কড়া নজরদারির নির্দেশ মন্ত্রীর

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৪:৫৬ পিএম

কলেজ শিক্ষকদের দায়িত্বে কড়া নজরদারির নির্দেশ মন্ত্রীর

ছবি: সংগৃহীত

কলেজ শিক্ষকদের দায়িত্বে অবহেলা রোধে এবং ক্লাসরুমে পাঠদানের মান নিশ্চিত করতে তদারকি ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট করেছেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওপর দেশের সিংহভাগ শিক্ষার্থীর উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্ভর করায় অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ উন্নত করতে প্রশাসনকে কঠোর অবস্থানে যেতে হবে। মঙ্গলবার দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এই নির্দেশনা দেন মন্ত্রী।

জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী কলেজগুলোতে নিয়মিত পরিদর্শন কার্যক্রম পরিচালনা, সরাসরি শিক্ষার মান যাচাই এবং প্রতিষ্ঠানের সার্বিক আয়-ব্যয়ের নিয়মিত অডিট সম্পন্ন করার তাগিদ দেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের কলেজগুলোতে শিক্ষার্থীরা কী শিখছে এবং তাদের কারিকুলাম কর্মবাজারের চাহিদার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা সার্বক্ষণিক নিবিড় নজরদারিতে রাখতে হবে। যেকোনো মূল্যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের দক্ষতা ও সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানে রূপান্তর করা সরকারের অগ্রাধিকার।

উচ্চশিক্ষায় সংস্কার বাস্তবায়নে সরকারি বাজেটের কোনো ঘাটতি হবে না। কলেজগুলোতে বিজ্ঞানাগার বা ল্যাবরেটরি সংস্কারের যৌক্তিক প্রস্তাব প্রেরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, কার্যকর উদ্যোগ গ্রহণে অর্থ বরাদ্দ কখনোই বাধা হয়ে দাঁড়াবে না। পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা ফেরাতে অনলাইন ব্যবস্থার আধুনিকায়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সঠিক সমন্বয় এবং বিশেষ করে আইন ও প্রফেশনাল পরীক্ষার শৃঙ্খলা ভঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান নিশ্চিত করার নির্দেশ দেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি শিক্ষকদের প্রশিক্ষণ এবং পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অধিকতর সতর্কতা ও পেশাদার জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ছয় বছরের স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে সেরা ৩৭টি কলেজের ৫৭ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও ২৫ হাজার টাকার আর্থিক প্রণোদনাসহ ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। এর পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন, আর্থিকভাবে অসচ্ছল, প্রান্তিক এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সন্তানসহ ১ হাজার ৫২৫টি কলেজের মোট ৪ হাজার ৯২১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এর মধ্যে ২০২৫ সালের জন্য নির্বাচিত ৮৩০টি কলেজের ২ হাজার ৮৯৭ জন শিক্ষার্থীকে ১ কোটি ৭৩ লাখ ৮২ হাজার টাকা এবং ২০২৪ সালের জন্য নির্বাচিত ৭২৫টি কলেজের ২ হাজার ২৪ জন শিক্ষার্থীকে ১ কোটি ২১ লাখ ৪৪ হাজার টাকা হস্তান্তর করা হয়, যেখানে প্রত্যেক শিক্ষার্থী এককালীন ছয় হাজার টাকা করে সহায়তা পেয়েছেন।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ জানান, বহুমুখী সংকট কাটিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন একটি সুসংহত প্রশাসনিক ভিত্তির ওপর দাঁড়িয়েছে। বিশ্ববিদ্যালয়টির বর্তমান মূল লক্ষ্যই হলো আন্তর্জাতিক মানের শিক্ষাক্রম প্রণয়ন এবং বাজারভিত্তিক দক্ষতা কোর্সের সংযোজন করা। আগামী ২০২৭ সালের শেষ নাগাদ উচ্চশিক্ষার এই সামগ্রিক কারিকুলাম সংস্কার কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলে আশাবাদ জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। স্বাগত বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর লুৎফর রহমান। এছাড়া উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বক্তব্য উপস্থাপন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে একটি প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ মনিটরিং দপ্তরের পরিচালক মো. সাহাব উদ্দিন আহাম্মদ এবং শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন।