অক্টোবর ৩, ২০২৬, ০৪:০৮ পিএম
দিনাজপুর সরকারি কলেজের জরাজীর্ণ অবকাঠামো প্রমাণ করে বিগত বিশ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিল তারা দেশের শিক্ষাঙ্গনের কোনো উন্নয়ন চায়নি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। শনিবার দিনাজপুর সরকারি কলেজে রংপুর বিভাগীয় জাতীয় বিশ্ববিদ্যালয় আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ তোলেন।
পঁচিশ হাজার শিক্ষার্থীর এই বিশাল বিদ্যাপীঠের বর্তমান ক্যাম্পাসের অবস্থা দেখে তিনি চরম হতাশা প্রকাশ করেন। ডা. জাহিদ বলেন, এত বড় একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ক্যাম্পাস দেখে তিনি নিজে অত্যন্ত ব্যথিত হয়েছেন। এমনকি অধ্যক্ষের কার্যালয়ে প্রবেশের পর তার মন আরও বেশি খারাপ হয়েছে বলে জানান তিনি। তার অভিযোগ, বিগত সময়ে যারা বিশ বছর ধরে বিভিন্নভাবে শাসনক্ষমতায় ছিল, দেশের মানুষের প্রতি তাদের কোনো আস্থা বা বিশ্বাস ছিল না বলেই তারা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কোনো পদক্ষেপ নেয়নি।
তিনি উল্লেখ করেন, সাবেক শাসকদের মূল আস্থা ছিল তাদের বিদেশি প্রভুদের ওপর। মন্ত্রী বলেন, তাদের ধারণা ছিল যতদিন মুরব্বিরা থাকবে ততদিন তারা গদিতে টিকে থাকবে। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রভুরাও তাদের রক্ষা করতে পারেনি এবং পাঁচ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তারা সেই মুরব্বিদের কাছেই পালিয়ে আশ্রয় নিয়েছে। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত না হওয়া সরকারের দেশের মানুষের কাছে কোনো জবাবদিহিতা থাকে না বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এবং দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক আইনজীবী মোফাজ্জল হোসেন দুলাল। আলোচনা পর্বের ইতি টেনে অতিথিরা যৌথভাবে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন