নভেম্বর ২৩, ২০২৬, ০৫:৩৪ পিএম
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজে কথিত সিন্ডিকেট, অনিয়ম-দুর্নীতি এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের কার্যক্রমের অভিযোগে বিক্ষোভ র্যালি, সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে দিনাজপুরের সচেতন নাগরিক সমাজ। সোমবার ২৩ নভেম্বর দুপুর ১২টায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কে মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুরুতে একটি প্রতিবাদ র্যালি বের করা হয়।
পরে সমাবেশ শেষে উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়। কর্মসূচিতে সচেতন নাগরিক হিসেবে জিয়াউর রহমান জিয়া, মহিউদ্দিন মন্ডল বকুল, মাসুদ রানা ও নুরে আলম খোকনসহ হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা ও শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন রাজনৈতিক প্রভাব খাটিয়ে সরকারি প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সমাবেশে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তার, ঠিকাদারি কাজে অনিয়ম, সরকারি মালামাল আত্মসাৎ, অর্থের বিনিময়ে ঠিকাদারি কাজ পাইয়ে দেওয়া এবং নিয়োগ ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ তুলে ধরা হয়।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয় যে কিছু কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি, পদায়ন ও পছন্দের পদে দায়িত্ব পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ গ্রহণসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে একটি কথিত সিন্ডিকেট রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে হাসপাতাল ও কলেজের বিভিন্ন কার্যক্রম নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ঠিকাদারি কাজ বণ্টন, সরকারি সম্পদের ব্যবহার ও আর্থিক লেনদেনেও অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পক্ষে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ভিডিও ফুটেজ রয়েছে বলেও দাবি করেন তাঁরা।
স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বক্তারা আরও বলেন, সরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান জনগণের সম্পদ এবং এসব প্রতিষ্ঠানে দুর্নীতি, অনিয়ম, রাজনৈতিক প্রভাব বিস্তার কিংবা কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের সুযোগ থাকা উচিত নয়।
অবিলম্বে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও কলেজে স্বাভাবিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। সমাবেশ থেকে দেশের সার্বভৌমত্ব, আইনশৃঙ্খলা ও শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় সর্বস্তরের সচেতন নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। দিনাজপুরের সচেতন নাগরিক সমাজ এ কর্মসূচির আয়োজন করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন