বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

গ্রিডে বিদ্যুৎ দিয়ে রূপপুরের আয় ৭ কোটি টাকা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৫, ২০২৬, ১২:২৩ এএম

গ্রিডে বিদ্যুৎ দিয়ে রূপপুরের আয় ৭ কোটি টাকা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। ছবি: সংগৃহীত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হয়ে টানা প্রায় ৩০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করেছে। এই সময়ে প্রায় ৩২০ মেগাওয়াট করে সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক মূল্য ৭ কোটি ৬ লাখ টাকা।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে সরবরাহ শুরু হয়, মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিটে তা বন্ধ করা হয়। জাতীয় সঞ্চালন লাইনের একাধিক সূত্র জানায়, এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলক সরবরাহের পরিকল্পনা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে সরবরাহ প্রায় ৩০ ঘণ্টা অব্যাহত ছিল।

সরবরাহ শেষে ইউনিটটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। এখন সরবরাহকালের বিভিন্ন অপারেটিং প্যারামিটার, টারবাইন-জেনারেটর সিস্টেম ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির কার্যকারিতা বিশ্লেষণ করা হচ্ছে। বিশ্লেষণের ফলাফলের ভিত্তিতে পরবর্তী পরিচালন কার্যক্রম নির্ধারণ করা হবে বলে জানিয়েছে নিউক্লিয়ার পাওয়ার কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)।

এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, দ্বিতীয়বারের মতো গ্রিডে যুক্ত হয়ে টানা ৩০ ঘণ্টা ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে পারা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তিনি বলেন, এটি প্রতিষ্ঠানের পরিচালন সক্ষমতা, প্রকৌশলী ও অপারেটরদের দক্ষতা এবং রাশিয়ান অপারেশনাল সহযোগীদের সঙ্গে সম্মিলিত প্রচেষ্টার ফল।

রূপপুর কেন্দ্রের দুটি ইউনিট থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদনে বৈচিত্র্য আসবে, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে।