নভেম্বর ২৪, ২০২৬, ১১:৪৫ পিএম
কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। সংঘর্ষে অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে দুমড়েমুচড়ে যায়। আহত হয়েছেন অন্তত চারজন, তাঁদের মধ্যে একটি শিশু রয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানার সামনে ফকিরাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহতদের তিনজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত দুজন কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে এবং অটোরিকশাটি কক্সবাজার থেকে চকরিয়ার দিকে যাচ্ছিল। ঈদগাঁও থানার সামনে পৌঁছালে দুটি যানের মুখোমুখি সংঘর্ষ হয়। নিহত পাঁচজনই অটোরিকশার যাত্রী।
নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন (৪৩) ও জসিম উদ্দিন এবং বান্দরবানের লামার সাইফুল ইসলাম (২৪)। সাইফুল ইসলাম পটিয়ার একটি মাদ্রাসার শিক্ষার্থী। নিহত নারী ও অপর পুরুষের পরিচয় রাত সাড়ে নয়টা পর্যন্ত জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ঈদগাঁও বাজারের ব্যবসায়ী আবদুর রহমান বলেন, দ্রুতগতিতে আসা বাসটি অটোরিকশাটিকে চাপা দেয়। স্থানীয় লোকজন ছুটে এসে বাসের নিচ থেকে অটোরিকশা ও যাত্রীদের উদ্ধার করেন।
আহত অন্তত চারজনকে ঈদগাঁও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে একটি শিশু রয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে কয়েক শ যানবাহন আটকা পড়ে। রাত আটটার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যানবাহন চলাচল শুরু হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ টি এম সিফাতুল মাজদার এক নারীসহ পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন