নভেম্বর ২২, ২০২৬, ০৪:৩০ পিএম
তিনদিন বন্ধ থাকার পর আবারও সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটি থেকে পাঁচটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়।
এসব জাহাজে ছিল এক হাজার ৮৭০ জন পর্যটক। পরে সেন্টমার্টিনে আটকে থাকা তিন শতাধিক পর্যটক নিয়ে জাহাজগুলো পুনরায় কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেছে।
ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সাগর উত্তাল থাকায় গত বৃহস্পতিবার থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে দেড় হাজারের বেশি পর্যটক দ্বীপটিতে আটকে পড়েন। শনিবার কাঠের নৌকায় টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে ফিরেছেন এক হাজার ৩০০ পর্যটক।
জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বলেন, সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রোববার থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সকালে ছেড়ে যাওয়া পাঁচটি জাহাজে এক হাজার ৮৭০ জন পর্যটক সেন্টমার্টিনে গেছেন।
বিআইডব্লিউটিএর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক নয়ন শীল জানান, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা পাওয়ায় সকাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন সাগরপথে জাহাজ চালুর নির্দেশনা দেওয়া হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন