মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
আত্মকর্মসংস্থান ও জ্বালানি

বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে গিয়ে দশ লাখ ২০ হাজার টাকার ঋণ দিলেন প্রতিমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৪, ২০২৬, ০৫:১৯ পিএম

বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে গিয়ে দশ লাখ ২০ হাজার টাকার ঋণ দিলেন প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক মঙ্গলবার রাজশাহীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করেছেন এবং দশজন উদ্যোক্তা ও খামারির হাতে দশ লাখ বিশ হাজার টাকার যুব ঋণের চেক তুলে দিয়েছেন।

বেলা এগারোটার দিকে পবা উপজেলার বড়গাছী ইউনিয়নের বিরস্তইল এলাকায় ব্র্যাক প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি হয়। যুব উন্নয়ন অধিদফতর রাজশাহীর উদ্যোগে দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তিনির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের পাশাপাশি খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে গুরুত্ব দিচ্ছে সরকার।

জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি উৎপাদিত জৈব সার কৃষিকাজে ব্যবহারের সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি স্বল্পসুদে যুব ঋণ কাজে লাগিয়ে খামার সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টির পথ খুলবে।

প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে খামারিরা জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি জৈব সার উৎপাদন করতে পারবেন। যুব ঋণের সঠিক ব্যবহার হলে খামার সম্প্রসারণ ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঋণের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে উদ্যোক্তারা নিজেদের স্বাবলম্বী করে তুলবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

প্রকল্পের আওতায় নির্মিত বায়োগ্যাস প্ল্যান্টগুলো সরেজমিনে ঘুরে দেখেন প্রতিমন্ত্রী। তরুণ উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান ও স্বাবলম্বী হওয়ার ওপর এ সময় তিনি গুরুত্বারোপ করেন।

ইমপ্যাক্ট তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় রাজশাহীর পুঠিয়া, বাঘা ও বাগমারা উপজেলার দশজন উদ্যোক্তা ও খামারির মধ্যে মোট দশ লাখ বিশ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন ও খামার সম্প্রসারণের লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার এবং গ্রামীণ অর্থনীতিতে তরুণদের সম্পৃক্ত করা।

যুব উন্নয়ন অধিদফতর রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-তিন আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন এবং পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইবনুল আবেদীন।