নভেম্বর ২৪, ২০২৬, ০৪:০০ পিএম
ভিয়েতনামকে বাংলাদেশি পণ্য আরও বেশি আমদানি এবং বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বাংলাদেশে নবনিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত চান থি সুয়ান ওয়ান বঙ্গভবনে পরিচয়পত্র পেশ শেষে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
এর আগে সকালে রাষ্ট্রদূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড অব রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়।
সাক্ষাৎকালে রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামকে তার শুভেচ্ছা পৌঁছে দিতে অনুরোধ করেন। রাষ্ট্রদূত মিজ চান থি সুয়ান ওয়ান দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন এবং তার দেশের প্রেসিডেন্টের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি সুবিধাজনক সময়ে সফরে সম্মতি দেন।
দুই দেশের বাণিজ্য ভারসাম্য ভিয়েতনামের অনুকূলে রয়েছে উল্লেখ করে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা দূর করতে ভিয়েতনামকে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান রাষ্ট্রপতি। একই সঙ্গে ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল, বস্ত্র খাতের কাঁচামাল এবং কাঁচাপাট ও পাটজাত পণ্য আরও বেশি আমদানির আহ্বান জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে উৎপাদিত এসব পণ্য দামে প্রতিযোগিতামূলক ও উচ্চ মানসম্পন্ন।
এ বছরের মার্চ মাস থেকে বাংলাদেশি রপ্তানিকারকদের আলু রপ্তানির অনুমতি দেওয়ায় ভিয়েতনামকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ও বাণিজ্য আরও বাড়াতে তাঁর দেশের ইতিবাচক উদ্যোগ নেওয়ার কথা জানান।
মোটরসাইকেল সংযোজন, ইলেকট্রনিকস, জুতা ও কৃষিভিত্তিক প্রক্রিয়াজাতকরণসহ সুবিধাজনক খাতে ভিয়েতনামের বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান রাষ্ট্রপতি। পাশাপাশি বাংলাদেশি পর্যটক, ব্যবসায়ী ও অন্যান্য ভ্রমণকারীর জন্য ভিসা ব্যবস্থা সহজ করতে রাষ্ট্রদূতকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্মানজনকভাবে প্রত্যাবাসনে ভিয়েতনামের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি। গত ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই রায়ে ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা সংঘটনের বিষয়টি উঠে এসেছে। রাষ্ট্রপতি ওই রায়ের পূর্ণ ও দ্রুত বাস্তবায়নে ভিয়েতনামের সমর্থন চাইলে রাষ্ট্রদূত সহযোগিতার আশ্বাস দেন।
আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে বাংলাদেশের অন্তর্ভুক্তির প্রচেষ্টায়ও ভিয়েতনামের সমর্থন চান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস সচিব ও পররাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন