নভেম্বর ১৮, ২০২৬, ০৭:৫৩ পিএম
সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, দুর্নীতি কিংবা অযোগ্য ব্যক্তিদের নিয়োগের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাতীয় সংসদে সংসদ সদস্য মো. মুজিবুর রহমানের এক সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই কথা জানান।
প্রশ্নে সংসদ সদস্য মুজিবুর রহমান উল্লেখ করেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সার ও বীজ বিক্রির জন্য ডিলার নিয়োগে অনিয়ম, দলীয়করণ, দুর্নীতি ও অযোগ্য ব্যক্তিদের নিয়োগের কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন এবং কৃষকরা চরম ভোগান্তিতে পড়ছেন। এই ঘটনায় দায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সরকার কী পদক্ষেপ নেবে, তা জানতে চান তিনি।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগ প্রক্রিয়া যুগোপযোগী করার লক্ষ্যে গত সাতাশ আগস্ট দুই হাজার ছাব্বিশ তারিখে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা, ২০২৬ জারি করা হয়েছে। এই নতুন নীতিমালা অনুযায়ী, সব ডিলার সরকার নিযুক্ত, নিবন্ধিত ও তালিকাভুক্ত সার ডিলার হিসেবে গণ্য হবেন এবং এক্ষেত্রে বাংলাদেশ কেমিকস ইন্ডাস্ট্রিজ করপোরেশন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন ডিলার বলে কোনো বিভাজন থাকবে না।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত অনুযায়ী সব ডিলার নিজ নিজ অধিক্ষেত্রে মাসিক অনুমোদিত চাহিদার ভিত্তিতে যথানিয়মে ইউরিয়া ও নন-ইউরিয়া সার বরাদ্দ পাবেন। বিতরণব্যবস্থা আরও সময়োপযোগী করা এবং কৃষকদের মাঝে নিরবচ্ছিন্নভাবে সারের সরবরাহ অব্যাহত রাখতে এই সমন্বিত নীতিমালা প্রণয়ন ও হালনাগাদ করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন