বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬,
আন্তর্জাতিক রাজনীতি

রাহুল গান্ধীকে চায়ের আড্ডায় বসার প্রস্তাব কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর

আন্তর্জাতিক ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৬, ০৮:২২ পিএম

রাহুল গান্ধীকে চায়ের আড্ডায় বসার প্রস্তাব কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত বিশ্বখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক মতবিনিময় সভায় ভারতের লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সরাসরি চা বা অন্য কিছুর আড্ডায় বসার প্রস্তাব দিয়ে আলোচনায় এসেছেন এক ভারতীয় শিক্ষার্থী।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আয়োজিত ওই অনুষ্ঠানে নয়াদিল্লির বাসিন্দা এবং কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী ঋদ্ধি কাপুর রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে জানান, তিনি তাকে মনেপ্রাণে কল্পনা বা ম্যানিফেস্ট করেছিলেন এবং দিল্লির ভয়াবহ বায়ুদূষণ রোধে একটি বিশেষ সমাধানও তৈরি করেছেন। তার এমন রসিকতাপূর্ণ ও সাবলীল উপস্থাপনায় পুরো মিলনায়তন হাসিতে ফেটে পড়ে।

অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে মাইক্রোফোন হাতে নিয়ে শুরু থেকেই হাস্যোজ্জ্বল ছিলেন ঋদ্ধি কাপুর। তিনি রাহুল গান্ধীকে জানান, ভারতে সাম্প্রতিক বিক্ষোভ চলাকালীন রাহুল যখন পুলিশি হেফাজতে বা আটক ছিলেন, তখন তিনি নিজের ক্লাসে রাহুলের পক্ষে একটি বক্তৃতা দিয়েছিলেন। তার এই কথা শুনে রাহুল গান্ধী মজা করে পাল্টা প্রশ্ন করেন, এরপর কি আপনাকেও আটক করা হয়েছিল? রাহুলের এমন রসিকতায় দর্শক সারিতে হাসির রোল পড়ে যায়। জবাবে ঋদ্ধি কাপুর হেসে বলেন, না, তাকে আটক করা হয়নি। এরপর তিনি ভারতের চলমান বিভিন্ন সমান্তরাল বিক্ষোভ, বিশেষ করে ছাত্রনেত্রী নেহা বোরার নেতৃত্বাধীন আন্দোলনে রাহুলের সমর্থন, তার একাধিকবার আটক হওয়ার ঘটনা এবং বর্তমান পরিস্থিতিতে ভারতের সুশীল সমাজের ভূমিকা নিয়ে দীর্ঘ একটি প্রশ্ন উত্থাপন করেন।

কথার এক পর্যায়ে ভারতের যেসব জরুরি সমস্যা সমাধান করা প্রয়োজন তার উদাহরণ টেনে ঋদ্ধি কাপুর কংগ্রেস নেতাকে জানান যে, তিনি নয়াদিল্লির বায়ুদূষণ সমস্যার একটি সমাধান বের করেছেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে রাহুল গান্ধীর বিশেষ মনোযোগ আকর্ষণ করে। কৌতূহলী হয়ে তিনি জানতে চান, দিল্লির দূষণ সমস্যার সেই সমাধানটি কী? উত্তরে ঋদ্ধি কাপুর বলেন, আপনি যদি চান, তবে আমি চা বা অন্য কিছুর আড্ডায় বসে এ বিষয়ে বিস্তারিত কথা বলতে পারি! তার এই চটপটে জবাবে পুরো হলরুম আবারও অট্টহাসিতে ফেটে পড়ে। রাহুল গান্ধীও তার এই প্রস্তাব সরাসরি নাকচ না করে হাসিমুখে সম্মতি জানিয়ে বলেন, ঠিক আছে, আমরা সেটা করতে পারি! পরবর্তীতে ঋদ্ধি কাপুর এই মজার কথোপকথনের ভিডিও ক্লিপটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও শেয়ার করেন।

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদে ভারতের বিক্ষোভ আন্দোলনগুলো কোন দিকে যাচ্ছে, ঋদ্ধি কাপুরের এমন মূল প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, এতদিন ভয়ের কারণেই ভারতে ভিন্নমত দমিয়ে রাখা হয়েছিল, কিন্তু ছাত্রছাত্রীরাই সেই ভয়ের দেয়াল ভেঙে দিয়েছে। তিনি জানান, সর্বস্তরের বহু মানুষ নিজেদের মত প্রকাশ করতে ভীষণ আতঙ্কিত ছিল এবং এই পুরো বিষয়টিকে যে জিনিসটি চেপে রেখেছিল তা হলো মানুষের ভয়। এখন মানুষ আর ভয় পাচ্ছে না, আর এটিই সবচেয়ে বড় পরিবর্তন।

আন্দোলনরত শিক্ষার্থীদের প্রশংসা করে এবং তাদের অভিভাবকদের নীরবতার সমালোচনা করে রাহুল গান্ধী আরও বলেন, ওই শিক্ষার্থীদের মা-বাবাদের সেই সাহস ছিল না, যা শিক্ষার্থীরা করে দেখিয়েছে; মা-বাবারা চুপচাপ ঘরে বসে ছিলেন, আর সেই মা-বাবাদের ভবিষ্যৎ এখন রক্ষা করছে তাদের সন্তানেরাই।