শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
চট্টগ্রামে রপ্তানি বিষয়ক সেমিনার

বিশ্ববাজারে রপ্তানি সম্প্রসারণে চট্টগ্রামে আলিবাবা ডটকমের সেমিনার অনুষ্ঠিত

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৬, ০৫:১৫ পিএম

বিশ্ববাজারে রপ্তানি সম্প্রসারণে চট্টগ্রামে আলিবাবা ডটকমের সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববাজারে প্রবেশ, আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং রপ্তানি ব্যবসার নতুন সম্ভাবনা কাজে লাগাতে চট্টগ্রামে ‘আলিবাবা ডটকমের মাধ্যমে বিশ্ববাজারে রপ্তানি সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিডব্লিউসিসিআই) সেমিনার হলে এই আয়োজন সম্পন্ন হয়।

চেম্বারের সহযোগিতায় সেমিনারটির আয়োজন করে স্প্রিংফিল্ড করপোরেশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক আমেনা শাহীন, আলিবাবা ডটকমের পাকিস্তান ও বাংলাদেশের মহাব্যবস্থাপক ইয়া গাও সামার, একই অঞ্চলের চ্যানেল ব্যবস্থাপক কুয়ান কিউ ক্লিফটন, বাংলাদেশ চ্যানেল ব্যবস্থাপক সোনেবার মায়রা এবং স্প্রিংফিল্ড করপোরেশনের নির্বাহী পরিচালক শান শাহেদ।

সেমিনারে অংশগ্রহণকারী উদ্যোক্তা ও ব্যবসায়িক প্রতিনিধিদের আলিবাবা ডটকমের বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্ম ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে প্রবেশের বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি সম্ভাব্য বিদেশি ক্রেতাদের সঙ্গে সরাসরি ব্যবসায়িক যোগাযোগ স্থাপন, পণ্যের বাজার সম্প্রসারণ এবং রপ্তানি কার্যক্রমে নতুন সুযোগ তৈরির বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হয়।

সেমিনারের মূল বিষয়ের ওপর প্রবন্ধ ও উপস্থাপনা তুলে ধরেন স্প্রিংফিল্ড করপোরেশনের ব্যবসায়িক কার্যক্রম ব্যবস্থাপক তানভির ইসলাম তপু।

আয়োজকরা মনে করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় উদ্যোক্তারা আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কে দক্ষতা অর্জনের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে দেশের পণ্য বিশ্ববাজারে তুলে ধরতে আরও উৎসাহিত হবেন।