নভেম্বর ২৭, ২০২৬, ০৫:৩৭ পিএম
ইউরোপা লিগে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে ৪-২ গোলের প্রত্যাবর্তনমূলক জয় পেলেও ম্যাচ শেষের উদযাপন নিয়ে বিতর্কে জড়িয়েছেন এসি মিলানের উইঙ্গার দিয়েগো মোরেইরা। গ্যালারির দিকে তাকিয়ে তার উদযাপনের ভঙ্গিতে স্বাগতিক সমর্থক ও দলের সদস্যরা ক্ষুব্ধ হওয়ায় এ ঘটনার দায় নিয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন মিলানের প্রধান কোচ রুবেন আমোরিম।
বৃহস্পতিবার রাতে কারাইস্কাকিস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শেষ দিকে মিলানের হয়ে চতুর্থ গোলটি করেন মোরেইরা।
গোল করার পর গ্যালারির দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড স্থির দাঁড়িয়ে ছিলেন এই তরুণ উইঙ্গার। তার এই আচরণকে উসকানিমূলক হিসেবে দেখেন অলিম্পিয়াকোসের সমর্থকেরা, যা নিয়ে মাঠ ও গ্যালারিতে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন আমোরিম। তিনি বলেন, ‘এমন ঘটনা আর ঘটবে না। মোরেইরা তরুণ খেলোয়াড়, তার আরও পরিণত হওয়া প্রয়োজন। আমাদের সমর্থকদের সঙ্গে অন্য কেউ এমন করলে আমরাও নিশ্চয়ই পছন্দ করতাম না। এর দায় আমার। আমি ক্ষমা চাইছি। তবে সে খারাপ উদ্দেশ্যে এমনটা করেনি।’
এই ম্যাচে এসি মিলানের ঘুরে দাঁড়ানো জয়ের অন্যতম কারিগর ছিলেন বদলি খেলোয়াড় ওমারি হাচিনসন। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ম্যাচের গতিপথ বদলে দেন তিনি। তবে গ্রীষ্মকালীন দলবদলে তাকে দলে ভেড়ানোর কৃতিত্ব এককভাবে নিজের বলে দাবি করেননি কোচ আমোরিম, বরং ক্লাবের সম্মিলিত সিদ্ধান্তের কথা তুলে ধরেন।
আমোরিম বলেন, ‘ক্লাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা সবাই একসঙ্গে থাকি। কোনো খেলোয়াড়কে নিয়ে কারও আপত্তি থাকলে আমরা অন্যদিকে যাই। হাচিনসনের মধ্যে আমরা সবাই সম্ভাবনা দেখেছি। আমাদের এমন বৈশিষ্ট্যের একজন খেলোয়াড় প্রয়োজন ছিল। সে অল্প জায়গায় ভালো খেলতে পারে। তার আরও উন্নতির সুযোগ আছে। বল নিয়ে আরও বেশি দৌড়াতে পারে সে।’

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন