নভেম্বর ২৯, ২০২৬, ০৩:১৫ এএম
শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। গত তিন দশকে দেশে প্রাথমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে ইউনেস্কোর এক প্রতিবেদনে জানানো হয়েছে।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর গ্লোবাল এডুকেশন মনিটরিং রিপোর্ট ২০২৬ এ বলা হয়েছে, শিক্ষার প্রসারে বাংলাদেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। দরিদ্র, গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর শিশুরাও শিক্ষার সুযোগ পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার রূপান্তরকে একটি বিশেষ কান্ট্রি কেস স্টাডি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০৩০ সালের মধ্যে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার টেকসই উন্নয়ন লক্ষ্য এসডিজি ৪ অর্জনে বিশ্ব সামগ্রিকভাবে পিছিয়ে থাকলেও মৌলিক শিক্ষার প্রসারে বাংলাদেশ প্রশংসনীয় সাফল্য দেখিয়েছে।
ইউনেস্কোর তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে বাংলাদেশে প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার ৩৪ শতাংশ থাকলেও ২০২৪ সালে তা বেড়ে ৯০ শতাংশে উন্নীত হয়েছে, যা বৈশ্বিক গড় ৮৮ শতাংশের চেয়েও বেশি। একই সময়ে নিম্নমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার ২৩ শতাংশ থেকে বেড়ে ৭৪ শতাংশে পৌঁছেছে।
উচ্চমাধ্যমিক স্তরে অগ্রগতি মূলত সাম্প্রতিক বছরগুলোতে দৃশ্যমান হয়েছে। ২০২৪ সালে দেশে উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার প্রায় ৩৮ শতাংশে দাঁড়িয়েছে, যা দক্ষিণ এশিয়ার গড় ৫৭ শতাংশের তুলনায় এখনো পিছিয়ে রয়েছে। তবে প্রাথমিক ও নিম্নমাধ্যমিক শিক্ষায় বড় অগ্রগতি এলেও উচ্চমাধ্যমিক শিক্ষা সমাপ্তির হার বৃদ্ধি ও সামগ্রিক শিক্ষার গুণগত মানোন্নয়নে আরও মনোযোগ দেওয়ার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।
বিদ্যালয়বহির্ভূত তরুণের সংখ্যা কমাতেও বড় সাফল্য এসেছে। ২০০৫ সালে উচ্চমাধ্যমিক পর্যায়ের উপযুক্ত বয়সী তরুণদের ৭২ শতাংশ বিদ্যালয়ের বাইরে থাকলেও ২০২৩ সালে এই হার দুই তৃতীয়াংশ কমে দক্ষিণ এশিয়ার গড়ের নিচে নেমে এসেছে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে ভর্তি শিক্ষার্থীদের ঝরে পড়ার হার ২০০৯ সালে ৪২ শতাংশ থাকলেও ২০২৩ সালে তা অর্ধেকে নেমে ২১ শতাংশে দাঁড়িয়েছে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হারে বড় উল্লম্ফন ঘটেছে। ২০০৪ সালে এসএসসি পরীক্ষায় পাসের হার ৪৮ শতাংশ থাকলেও তা বেড়ে ৯৩ শতাংশে এবং ২০২১ সালে এইচএসসিতে ৯৫ শতাংশে উন্নীত হয়েছে। তবে পরীক্ষা পদ্ধতি সহজ হওয়ায় পাসের হার বাড়লেও শিক্ষার প্রকৃত গুণগত মান নিয়ে উদ্বেগ রয়ে গেছে বলে প্রতিবেদনে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে।
শিক্ষাক্ষেত্রে জেন্ডার সমতায় ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। ২০২৪ সালে মাধ্যমিক শিক্ষা সমাপ্তির ক্ষেত্রে মেয়েদের হার ৭৮ শতাংশ, যা ছেলেদের ৬৮ শতাংশের চেয়ে বেশি। ১৯৯৪ সালে চালু হওয়া মেয়েদের মাধ্যমিক শিক্ষা সহায়তা কর্মসূচি, উপবৃত্তি ও অন্যান্য সহায়তা এই রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিশ্বব্যাংকের অর্থায়নে চালু হওয়া রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পের মাধ্যমে প্রায় পাঁচ লাখ বিদ্যালয়বহির্ভূত শিশুকে আনুষ্ঠানিক শিক্ষায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষারও ব্যাপক প্রসার ঘটেছে। ২০০২ সালে দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এক হাজার ছয়শটি থাকলেও ২০২২ সাল নাগাদ তা প্রায় পাঁচগুণ বেড়ে আট হাজারের কাছাকাছি পৌঁছেছে।
শিক্ষার প্রসার দেশের আর্থসামাজিক সূচকেও ইতিবাচক পরিবর্তন এনেছে। ১৮ থেকে ২৪ বছর বয়সী নারীদের মধ্যে ১৮ বছর বয়সের আগে বিয়ের হার কমে ৩৯ শতাংশে নেমেছে এবং শ্রমবাজারে নারীদের অংশগ্রহণ ২০২৩ সালে ৪৪ শতাংশে পৌঁছেছে, যা ভারতের প্রায় ৩০ শতাংশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন