রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

মানবসম্পদ পেশাজীবীদের প্রতি উপদেষ্টার আহ্বান

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ০৩:১৪ এএম

মানবসম্পদ পেশাজীবীদের প্রতি উপদেষ্টার আহ্বান

জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ। ফাইল ছবি।

মেধাবীদের খুঁজে বের করে তাঁদের প্রতিভা ও দক্ষতা বিকাশে কার্যকর ভূমিকা রাখতে মানবসম্পদ পেশাজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ।

শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। মানবসম্পদ ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতের জন্য দক্ষতার পুনর্গঠন প্রতিপাদ্যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা বলেন, ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। প্রযুক্তি অগ্রগতির চালিকাশক্তি হলেও প্রকৃত অগ্রগতি সৃষ্টি করে মানুষ, তাই প্রযুক্তির পাশাপাশি মানুষের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে বলে তিনি উল্লেখ করেন।

দেশের কর্মসংস্থান পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, প্রতিবছর প্রায় ২০ লাখ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৪ অনুযায়ী, ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারত্বের হার প্রায় আট দশমিক পাঁচ শতাংশ। উচ্চশিক্ষিত তরুণদের ক্ষেত্রে এই হার প্রায় ২৫ শতাংশ।

এই পরিস্থিতি মোকাবিলায় শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থাকে শ্রমবাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন উপদেষ্টা। শুধু বেশি সংখ্যক স্নাতক তৈরি নয়, কর্মসংস্থান উপযোগী, উৎপাদনশীল ও উদ্ভাবনী দক্ষতাসম্পন্ন তরুণ প্রজন্ম গড়ে তোলাই মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি বলেন।

ইসরাইল ও জার্মানির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, গবেষণা, উন্নত প্রযুক্তি, কারিগরি শিক্ষা ও দক্ষ মানবসম্পদে বিনিয়োগ একটি দেশের অর্থনৈতিক রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য বিশ্ববিদ্যালয়, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতে হবে, যাতে শিক্ষার্থীরা শ্রমবাজারের প্রকৃত চাহিদা অনুযায়ী দক্ষতা অর্জন করতে পারেন।

মানবসম্পদ উন্নয়নে তিনটি বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন উপদেষ্টা। প্রথমত, শিক্ষা ও কর্মক্ষেত্রে ধারাবাহিক প্রশিক্ষণ এবং নতুন দক্ষতা অর্জনের সুযোগ নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্বশীল ও নৈতিক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে ব্যক্তিগত গোপনীয়তা, ন্যায়সংগত অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি সুরক্ষিত থাকে। তৃতীয়ত, প্রযুক্তিনির্ভর পরিবর্তনের পাশাপাশি মানবিক নেতৃত্ব, সততা, সহমর্মিতা ও আবেগীয় বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে হবে।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার মোহাম্মদ মোশাররফ হোসাইন। দেশি বিদেশি মানবসম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়নবিষয়ক বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও পেশাজীবীরা অনুষ্ঠানে অংশ নেন।