নভেম্বর ২৯, ২০২৬, ০১:৫৫ এএম
ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।
শনিবার নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর স্টেডিয়ামে আন্তর্জাতিক শানে রিসালাত সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, ২০১৩ সালের ৫ মে নবীজির মর্যাদা রক্ষা ও তাঁর শানে কটূক্তিকারীদের বিচারের দাবিতে হেফাজতে ইসলামের তৎকালীন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর নেতৃত্বে রাজধানীর শাপলা চত্বরে লাখ লাখ তৌহিদি জনতা সমবেত হয়েছিলেন।
ধর্মমন্ত্রীর ভাষায়, সেই রাতে শেখ হাসিনার নির্দেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে নিরস্ত্র আলেম-ওলামা ও নবীপ্রেমিক মানুষের ওপর হামলা চালানো হয়। এতে বহু মানুষ শহীদ হন এবং অনেকে আহত ও নির্যাতনের শিকার হন বলে তিনি উল্লেখ করেন।
ধর্মমন্ত্রী আরও বলেন, শাপলা চত্বরের ঘটনাসহ সব অপরাধের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচার ও ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য রাষ্ট্রীয়ভাবে মাসিক সম্মানী চালুর কথা তুলে ধরে তিনি বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এই ব্যবস্থা চালু করা হয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৮২ হাজার ৬৫৬টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৬৮ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সম্মানীর আওতায় আনা হচ্ছে।
পর্যায়ক্রমে প্রতি বছর এক-চতুর্থাংশ হারে নতুন প্রতিষ্ঠান যুক্ত করে আগামী চার অর্থবছরের মধ্যে দেশের ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সম্মানীর আওতায় আনার পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করে ধর্মমন্ত্রী বলেন, মহান আল্লাহ যেন তাঁকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন আলহাজ মাওলানা মাসরুর আহমদ ভূঁইয়া। প্রধান মেহমান ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ ও মুস্তাফিজুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল ইসলাম রাকিব। হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানসহ দেশ-বিদেশের বিশিষ্ট আলেম-ওলামা বক্তব্য রাখেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন