নভেম্বর ২৯, ২০২৬, ০১:৫৩ এএম
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের খাবারের রান্নাঘরে অভিযান চালিয়ে নানা অনিয়ম পেয়েছে নিরাপদ খাদ্য অধিদপ্তর। অভিযানে খাবার সংরক্ষণ, পরিচ্ছন্নতা ও উপকরণ, তিন দিকেই অনিয়ম ধরা পড়েছে। এসব অনিয়মের ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। প্রতিষ্ঠানের একজন কর্মচারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার দুপুরে হাসপাতালের খাদ্য বিভাগে অভিযান চালানো হয়। হাসপাতালে ভর্তি রোগীদের খাবার এই রান্নাঘরেই রান্না করা হয়। অভিযান চলাকালে কর্মকর্তারা দেখতে পান, রোগীদের জন্য রান্না করা ভাত ও ডাল ঢেকে না রেখে উন্মুক্ত অবস্থায় রাখা হয়েছে। খাবারের ওপর মাছি ও পোকামাকড় বসছিল। রান্নাঘরের বিভিন্ন স্থানে ইঁদুর ও তেলাপোকার বিচরণ ছিল।
রোগীদের পরিবেশনের জন্য রাখা সিদ্ধ ডিমের মধ্যে পচা ডিম পাওয়া গেছে। রান্নায় ব্যবহৃত হলুদের গুঁড়া পরীক্ষা করে পলিথিন ও মাকড়সার জাল পাওয়া গেছে। প্রাথমিক পরীক্ষায় এতে লেড সল্টের উপস্থিতিও শনাক্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এসব উপাদান মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
নিরাপদ খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা ফরহাদ ইসলাম বলেন, হাসপাতালের রোগীদের খাবার তৈরিতে চরম অব্যবস্থাপনা দেখা গেছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন