নভেম্বর ২৯, ২০২৬, ০১:৫৯ এএম
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন আহত আনসার সদস্যদের দেখতে গেছেন। তিনি তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন।
শনিবার সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।
গত বৃহস্পতিবার থেকে রাজধানীতে বিভিন্ন ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। শুক্রবার রাতে শাহবাগ এলাকায় আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষ হয়। শুক্রবার নাইট পোস্টে দায়িত্ব পালনকালে রংপুরের মো. এনামুল হক (৩৪), মো. ইমরান হোসেন (৩০) এবং মৌলভীবাজারের মো. রিয়াদ হোসেন (২৫) আহত হন।
নাশকতামূলক এসব ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জন আনসার সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে ১৬ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চারজন ঢাকা মহানগর পুলিশ হাসপাতাল, একজন নিটোর, দুজন কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং দুজন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ সময় মহাপরিচালকের সঙ্গে উপস্থিত ছিলেন উপ-মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, ড. নাসের মেহেদী, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) এবং আনসার ও ভিডিপি সদর দপ্তরের কর্মকর্তারা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন