রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,

আধা সামরিক জনবলে বিশ্বে প্রথম বাংলাদেশ

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৬, ১২:২৪ এএম

আধা সামরিক জনবলে বিশ্বে প্রথম বাংলাদেশ

কুচকাওয়াজে আনসার সদস্যরা. ছবি: এআই জেনারেটেড

আধা সামরিক সদস্য সংখ্যায় বিশ্বের সব দেশকে পেছনে ফেলে প্রথম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। গ্লোবাল ফায়ার পাওয়ারের তালিকা অনুযায়ী, দেশের সম্মিলিত সামরিক জনবল এখন ৭০ লাখ ৪ হাজার। এর মধ্যে আধা সামরিক সদস্য ৬৮ লাখ আর সক্রিয় সামরিক সদস্য ২ লাখ ৪ হাজার।

আধা সামরিক সদস্যের হিসাবে বাংলাদেশের পরেই আছে ভারত। ভারতের আধা সামরিক সদস্য সংখ্যা প্রায় ২৫ লাখ ২৭ হাজার। অর্থাৎ এই হিসাবে প্রতিবেশী দেশটির চেয়ে প্রায় ৪২ লাখ ৭৩ হাজার সদস্য বেশি রয়েছে বাংলাদেশের।

২০২৩ সালের পর আবারও শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশ। আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যার হিসাবে ভারত, পাকিস্তান, আমেরিকা, চীন ও রাশিয়ার মতো দেশগুলোকে পেছনে ফেলেছে দেশটি।

বাংলাদেশের এই বিশাল আধা সামরিক জনবলের বড় অংশজুড়ে রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে বাহিনীটির সদস্য সংখ্যা প্রায় ৬১ লাখ। এদের মধ্যে প্রায় অর্ধেকই নারী।

চলতি বছরের অক্টোবর মাসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে বৃহত্তম জনবলভিত্তিক বাহিনী হিসেবে উল্লেখ করেছিলেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার, ৬০ হাজার অঙ্গীভূত আনসার ও প্রায় ৬০ লাখের ঘরে প্রশিক্ষিত গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য রয়েছেন।

আধা সামরিক সদস্য সংখ্যা বেশি হলে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় বাড়তি সুবিধা পাওয়া যায়। দুর্যোগ মোকাবেলা, স্থানীয় পর্যায়ে তথ্য সংগ্রহ এবং জরুরি পরিস্থিতিতে জনবল ব্যবস্থাপনার ক্ষেত্রেও এই বিশাল জনবল কাজে আসে।

তবে এই ৬৮ লাখ সদস্যকে নিয়মিত যোদ্ধা বলার সুযোগ নেই। আধুনিক যুদ্ধে কত যোদ্ধা আছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো কত ভালো প্রযুক্তি আছে। সংখ্যার দিক দিয়ে এগিয়ে থাকলেও সামগ্রিক সামরিক শক্তির তালিকায় ১৪৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৭তম।

এই জনবলের আধিপত্য অভ্যন্তরীণ নিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশকে বাড়তি সক্ষমতা দেবে। তবে আধুনিক প্রযুক্তি, প্রশিক্ষণ ও সরঞ্জামের দিকেও সমান নজর দিতে হবে।