নভেম্বর ২৯, ২০২৬, ১২:২৩ এএম
জুলাই গণঅভ্যুত্থান ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের চূড়ান্ত ফসল বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এই আন্দোলনের চেতনা ও আদর্শ শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে নিপীড়িত ও বঞ্চিত মানুষের মুক্তির সংগ্রামে প্রেরণা জোগায় বলে তিনি জানান।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, প্রদর্শনীটির মাধ্যমে ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের নৃশংস হত্যাকাণ্ড ও নিপীড়নের ঘটনাগুলো ইতিহাসের অংশ হিসেবে সংরক্ষণ করা হবে। এগুলো দেখে ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে কীভাবে স্বৈরাচারী সরকার জনগণের ওপর নৃশংসতা চালিয়েছিল।
জুলাইয়ের সত্য ঘটনাগুলো সঠিকভাবে সংরক্ষণ ও প্রদর্শন করা সাংস্কৃতিক দায়িত্ব বলে তিনি মন্তব্য করেন। এই প্রদর্শনীর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্ব ও শহিদদের আত্মত্যাগ সম্পর্কে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও গবেষকরা আরও জানতে পারবেন।
গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের মানুষের মনে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা একদিনে মিটিয়ে ফেলা সম্ভব নয় বলে সংস্কৃতিমন্ত্রী জানান। তবে এই আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশের সকল স্তরে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।
প্রদর্শনীতে স্থান পাওয়া বিষয়গুলোর মধ্যে রয়েছে জুলাইয়ের নৃশংস হত্যাকাণ্ডের তথ্য, শহিদদের পরিচয়, নিপীড়নের ঘটনা ও নির্যাতিতদের সাক্ষাৎকার। এগুলো সবই সংরক্ষণ করা হবে বলে তিনি জানান।
দেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অবস্থা পুনর্গঠনের জন্য সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংস্কৃতি মন্ত্রণালয় বিশেষ ভূমিকা পালন করবে।
প্রদর্শনীটি উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান হাবিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রানা ইমরুল খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মিজানুর রহমান, শিক্ষা সচিব রেহানা পারভীন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কিউরেটর ড. মো. আলমগীর হোসেন এবং এমআইএসটির উপাচার্য মেজর জেনারেল মো. নাসিম পারভেজ।
দুই দিনব্যাপী প্রদর্শনীটি আগামীকাল রবিবার বিকাল ৪টা পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে সবার জন্য উন্মুক্ত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন