শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

পলাতক স্বৈরাচার কখনো ফিরতে পারবে না: জাহেদ উর রহমান

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০৭:২৯ পিএম

পলাতক স্বৈরাচার কখনো ফিরতে পারবে না: জাহেদ উর রহমান

সংবাদ সম্মেলনে বক্তব্য

মানবতাবিরোধী অপরাধ করে দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার আর কখনো দেশে ফিরতে পারবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে শুরু হওয়া দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ডিসেম্বর ঘনিয়ে আসছে এবং পালিয়ে যাওয়া স্বৈরাচার বিদেশে বসে দেশে ফেরার আওয়াজ তুলছে। তবে জেনে রাখুন, তাদের ফেরার কোনো সম্ভাবনা নেই।

ডা. জাহেদ বলেন, পালিয়ে যাওয়ার আগে তারা যে মানবিক বিপর্যয় ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে, জাদুঘর ও এই প্রদর্শনীর মাধ্যমে সেই স্মৃতি জনগণের হৃদয়ে চিরজাগ্রত রাখা হবে, যাতে জনগণ তাদের চিরতরে প্রত্যাখ্যান করে।

পলাতক দলটি বাংলাদেশে কী করে গেছে, কী ধরনের ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সেটা বারবার সতেজভাবে তুলে ধরা হবে বলে জানান তিনি। শেখ হাসিনা তো বটেই, তার দলেরও কবর রচিত হবে বলে মন্তব্য করেন তিনি। এটা জোর করে করতে হবে না, তাদের অপকর্মের মাত্রা এতটাই বেশি যে মানুষ মন থেকে উপলব্ধি করেই তাদের প্রত্যাখ্যান করবে।

জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের আত্মত্যাগকে সমান মর্যাদায় মূল্যায়ন করে তাদের স্মৃতিস্মারক পর্যায়ক্রমে স্থায়ী জাদুঘরে প্রদর্শন করা হবে বলে জানান উপদেষ্টা। সংগৃহীত স্মারক যাতে কোনোভাবেই অবহেলিত না থাকে, সে জন্য ঘূর্ণায়মান পদ্ধতিতে প্রদর্শনী চালুর পরিকল্পনার কথা জানান তিনি।

তিনি জানান, এই সীমাবদ্ধতা দূর করতে জাদুঘরের অন্তত দুটি কক্ষ নির্দিষ্ট করার সিদ্ধান্ত হয়েছে। সেখানে চক্রাকারে প্রতি ১৫ দিন বা ১ মাস পরপর একেক দলের স্মারক পর্যায়ক্রমে প্রদর্শন করা হবে। এতে প্রতিটি শহীদ পরিবারের স্মারকই দর্শনার্থীদের সামনে প্রদর্শিত হওয়ার সুযোগ পাবে।

অনুষ্ঠানের শুরুতে জাদুঘরের কার্যক্রম ও প্রদর্শনীর পটভূমি তুলে ধরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত দেড় দশকের স্বৈরাচারের ইতিহাস সংরক্ষণ ও গবেষণার লক্ষ্যেই এ জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছে। শহীদদের ব্যবহৃত স্মৃতিস্মারক সংগ্রহের উন্মুক্ত আহ্বানে এখন পর্যন্ত ৫৯০ জন শহীদের স্মৃতিস্মারক সংরক্ষিত হয়েছে।

তিনি জানান, জাদুঘরের নিয়মিত গ্যালারিতে স্থানসংকুলান না হওয়ায় বর্তমানে ২০৫ জন শহীদের ৫ শতাধিক স্মারক স্থায়ীভাবে প্রদর্শন করা সম্ভব হচ্ছে। তবে সংগ্রহে প্রায় দেড় থেকে ২ হাজার স্মারক রয়েছে। এই সংগৃহীত স্মৃতিচিহ্ন যেন দেশবাসী ও শহীদ পরিবারের সদস্যরা দেখতে পারেন, সেই তাগিদ থেকেই দেশের সর্ববৃহৎ এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।