নভেম্বর ২৮, ২০২৬, ০৩:০৪ পিএম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন। আজ সকালে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অধ্যক্ষ সম্মিলন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সম্মিলনে দেশের ২ হাজার ৩১৮টি অধিভুক্ত কলেজের অধ্যক্ষরা অংশ নেন। এসব কলেজে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে, যা দেশের উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ।
প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক মতপার্থক্য স্বাভাবিক। তবে সেই পার্থক্য যেন শিক্ষার পরিবেশ, পাঠদান, প্রশাসনিক শৃঙ্খলা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত না করে, সেদিকে শিক্ষকদের সতর্ক থাকতে হবে। অধ্যক্ষ শুধু প্রতিষ্ঠানের প্রশাসনিক প্রধান নন, তিনি প্রতিষ্ঠানের নেতা, নৈতিক পথপ্রদর্শক ও ভবিষ্যৎ প্রজন্মের অন্যতম স্থপতি। প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি অনেকাংশে অধ্যক্ষের মেধা, যোগ্যতা, সিদ্ধান্ত ও দূরদর্শিতার ওপর নির্ভর করে।
আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার জন্য শিক্ষক প্রশিক্ষণ অপরিহার্য বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শিক্ষককেন্দ্রিক পদ্ধতির বদলে শিক্ষার্থী ও গবেষণাভিত্তিক পাঠদানে জোর দিতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিকস, বিগ ডেটা, ইন্টারনেট অব থিংস, ব্লকচেইন, অটোমেশন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সাইবার নিরাপত্তা ও ফাইভজির মতো প্রযুক্তি কাজের জগৎ বদলে দিচ্ছে। পুরোনো অনেক পেশা হারিয়ে যাচ্ছে, নতুন কর্মক্ষেত্র তৈরি হচ্ছে। তাই প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনমুখী ও কর্মসংস্থান উপযোগী শিক্ষার বিকল্প নেই। শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ বাড়াতে ইন্টার্নশিপ ও হাতে-কলমে প্রশিক্ষণের ওপর জোর দেন তিনি। ইংরেজির পাশাপাশি আরবি, ম্যান্ডারিন, জাপানি, কোরীয়, ফরাসি ও জার্মান ভাষা শেখার সুযোগ বাড়ানোর কথাও বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, শহর ও গ্রামের মানুষের উচ্চশিক্ষার সুযোগ তৈরি করতে ১৯৯২ সালের ২১ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন বেগম খালেদা জিয়া। এখন অধিভুক্ত কলেজের সংখ্যা প্রায় ২ হাজার ৫০০। কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে, তা নিয়ে আত্মসমালোচনা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। আগের ফ্যাসিবাদী শাসনে শিক্ষাসহ সব খাত ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে শিক্ষাকে আধুনিক ও মানসম্মত করতে হবে। এ জন্য সরকার পরিকল্পনা ও পদক্ষেপ নিচ্ছে, তবে বাস্তবায়নে অধ্যক্ষদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। কলেজে শিক্ষক সংকট নিরূপণ করে শূন্য পদ পূরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। ছাদে সৌরবিদ্যুৎ বসানো ও গাছ লাগানোর ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী জানান, শিক্ষাপ্রতিষ্ঠানে এরই মধ্যে প্রায় ২ লাখ গাছ লাগানো হয়েছে।
সম্মিলনের প্রতিপাদ্য ছিল দক্ষতা আর প্রযুক্তিতে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি গাছ উপহার দেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাজাহান মোল্লার তৈরি দুর্যোগ থেকে স্বস্তি অ্যাপের ওপর একটি প্রামাণ্যচিত্রও প্রকাশ করা হয়। স্বাগত বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব আব্দুল খালেক। অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীত ও কোরআন তিলাওয়াত দিয়ে। মুক্তিযুদ্ধের শহীদ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন