শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,
তথ্যপ্রযুক্তি ও যুব প্রশিক্ষণ

কৃত্রিম বুদ্ধিমত্তা কোর্সের ভর্তি পরীক্ষায় ১৮৮ শিক্ষার্থী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০২:৪৭ পিএম

কৃত্রিম বুদ্ধিমত্তা কোর্সের ভর্তি পরীক্ষায় ১৮৮ শিক্ষার্থী

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় টাঙ্গাইলে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় শহরের আশেকপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে দুই মাস মেয়াদি তৃতীয় ব্যাচের এই ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়।

দেশের অন্যতম আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় আধুনিক তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফ্রিল্যান্সিং বিষয়ে দক্ষতা অর্জনের আগ্রহে জেলার বিভিন্ন উপজেলার মোট ১৮৮ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেন।

সকালে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর (সংযুক্তি) আবু তাহের মো. রাকিব। এ সময় তিনি ভর্তি পরীক্ষার সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির সভাপতি ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এস. কে. এম জিয়াউল বারী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক রথীন্দ্র নাথ চক্রবর্তী এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা কো-অর্ডিনেটর মো. জুয়েল রানা উপস্থিত ছিলেন।

ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের জেলা শাখার প্রশিক্ষক ও গ্রাফিক্স ডিজাইনার সঙ্গীতা সরকার, ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষক মো. রানা আহমেদ, ওয়েব ডেভেলপমেন্ট ও গ্রাফিক্স ডিজাইনার প্রশিক্ষক মাহবুবুর রহমান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষক পিয়াল বসাকসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ ভর্তি পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন।

পরীক্ষাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, লিখিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল ক্ষুদে বার্তার মাধ্যমে প্রশিক্ষণার্থীদের জানানো হবে এবং আগামীকাল রোববার (২৯ নভেম্বর) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে।