নভেম্বর ২৮, ২০২৬, ০২:৩৬ পিএম
জেলে পরিবারের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। পাশাপাশি জেলে সম্প্রদায়ের শিশুদের শিক্ষার সুযোগ বাড়াতে নগরের আকমল আলী ঘাট এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিশুদের চাহিদা অনুযায়ী ক্রীড়াসামগ্রী দেওয়ার কথাও জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে আকমল আলী ঘাটের জেলেপল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের তিন দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে শিশুদের দুধ, ডিম ও চকলেট দেওয়া হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, গত ৩০ থেকে ৫০ বছরে দেশের বিভিন্ন জনগোষ্ঠীর জীবনমানে উল্লেখযোগ্য পরিবর্তন এলেও জেলে সম্প্রদায়ের জীবনমানে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। অথচ দেশের মানুষের আমিষের চাহিদা পূরণে জেলেরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন উল্লেখ করে তিনি তাঁদের জীবনমানের উন্নয়ন ও পেশাগত ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার তাগিদ দেন।
প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রযুক্তির কাছে পরাজিত হতে চাই না এবং প্রযুক্তিকে আয়ত্ত করতে হলে এর ব্যবহার জানতে হবে। প্রযুক্তির ব্যবহার না জানলে প্রযুক্তিই মানুষকে ব্যবহার করবে জানিয়ে তিনি সতর্ক করেন, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে জেলে সম্প্রদায় ভবিষ্যতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে এবং এতে তাদের দীর্ঘদিনের পেশাগত ঐতিহ্যও হুমকির মুখে পড়তে পারে।
জেলে পরিবারের সন্তানদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, এই শিশুরাই একদিন জেলে সম্প্রদায়ের ভাগ্য পরিবর্তন করবে—এটাই তাদের প্রত্যাশা।
বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগের বিষয়ে তিনি জানান, স্বপ্ন ফাউন্ডেশনের সহযোগিতায় আকমল আলী ঘাট এলাকায় একটি বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে শুধু বিদ্যালয় প্রতিষ্ঠা কিংবা সুন্দর বেঞ্চের ব্যবস্থা করলেই উদ্দেশ্য সফল হবে না উল্লেখ করে তিনি অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোর এবং প্রতিটি শিশুকে শিক্ষিত ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
লেখাপড়ায় ভালো ফল করা জেলে পরিবারের শিশুদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। শিশুদের বিদ্যালয়মুখী করতে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, শুধু পাঠ্যবই পড়ানোর মধ্যে শিক্ষকদের দায়িত্ব সীমাবদ্ধ রাখলে চলবে না; আদর, ভালোবাসা ও আনন্দদায়ক পরিবেশে পাঠদানের মাধ্যমে শিশুদের বিদ্যালয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে এবং শিক্ষাগত সনদ অর্জনের পাশাপাশি তাদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রধানমন্ত্রী এমন একটি রেইনবো নেশন গড়ে তুলতে চান, যেখানে সব জনগোষ্ঠী সমানভাবে এগিয়ে যাবে এবং কোনো জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক অবস্থার পরিবর্তন সম্ভব উল্লেখ করে তিনি ভারতের সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বি আর আম্বেদকরের জীবনসংগ্রামের উদাহরণ তুলে ধরেন। এমন স্বপ্ন দেখতে হবে, যে স্বপ্ন নিজের জীবনের পরিবর্তন ঘটাবে, এলাকার মানুষের জীবনের পরিবর্তন ঘটাবে এবং দেশের পরিবর্তন ঘটাবে বলে মন্তব্য করেন তিনি।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, মানুষের জীবনমানের পরিবর্তন ঘটানো সরকারি কর্মকর্তাদের অন্যতম দায়িত্ব এবং দায়িত্বপ্রাপ্ত খাতের উন্নয়ন ঘটাতে না পারলে চাকরিজীবনের সার্থকতা থাকে না। এ সময় জেলে সম্প্রদায়ের সদস্যদের মাদক ও অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানানোর পাশাপাশি শিশুদের সুস্থ ও নিরাপদ পরিবেশে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ যোবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন