নভেম্বর ২৮, ২০২৬, ০২:০২ পিএম
সীমান্তপথে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করছে ব্যাটালিয়নটি।
এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ পরমেশ্বরপুর বর্ডার আউটপোস্টের সদস্যরা দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানস্থলে তল্লাশি চালিয়ে ৭২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়, যার সিজার মূল্য ২১ হাজার ৬০০ টাকা।
উদ্ধারকৃত নিষিদ্ধ সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি এবং অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানের অপতৎপরতা থেকে সুরক্ষিত রাখতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ এবং সীমান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না। অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করার মাধ্যমে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন