শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,
আইন ও আদালত

বৈদ্যুতিক ক্যাবলসহ আটক যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ১২:৫১ পিএম

বৈদ্যুতিক ক্যাবলসহ আটক যুবককে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রধান ফটকসংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবলসহ মো. সোহেল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বিমানবন্দরের ১৫ নম্বর গেট এলাকায় এই ঘটনা ঘটে।

বিমানবন্দর কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই এলাকায় দায়িত্ব পালনরত এক আনসার সদস্যের কাছে এক বহিরাগত ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।

ঘটনাটি বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. তারেক জিয়াউদ্দিনকে জানানো হলে তিনি দলবল নিয়ে দ্রুত ঘটনাস্থলে যান। পরে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির নাম মো. সোহেল বলে জানা যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি ওই অঞ্চলে সংঘটিত বিভিন্ন চুরির ঘটনায় জড়িত ছিলেন এবং এর আগেও এসব ঘটনায় কারাভোগ করেছেন।

প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট দণ্ডবিধির ১৮৮ ধারায় তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।