শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,
বলিউড বিনোদন

কিং গানে ১৫ বছর পর শাহরুখ কারিনা

বিনোদন ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ১২:০৭ পিএম

কিং গানে ১৫ বছর পর শাহরুখ কারিনা

ড্যাডি কুলের গানে

দীর্ঘ ১৫ বছরের বিরতি ভেঙে আবারও একসঙ্গে পর্দায় হাজির হলেন বলিউড তারকা শাহরুখ খান ও কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত আসন্ন সিনেমা ‘কিং’-এর নতুন গান ‘ড্যাডি কুল (কিং ভার্সন)’-এ একসঙ্গে নেচেছেন জনপ্রিয় এই দুই তারকা।

গানটি প্রকাশের পর থেকেই শাহরুখ ও কারিনার রসায়ন নিয়ে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভক্তরা।

সর্বশেষ ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রা.ওয়ান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন শাহরুখ ও কারিনা। এরপর দেড় দশক পার হলেও কোনো সিনেমায় তাঁদের একসঙ্গে দেখা যায়নি। অবশেষে ‘কিং’ সিনেমার গানের মাধ্যমে পর্দায় ফিরল এই জুটি।

মেটার ‘হাউস অব ইনস্টাগ্রাম ২০২৬’ অনুষ্ঠানে গানটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়, যেখানে বিভিন্ন প্রান্ত থেকে ৭০০-এর বেশি কনটেন্ট নির্মাতা অংশ নেন। বর্তমানে জি মিউজিক কোম্পানি ও টি-সিরিজের প্ল্যাটফর্মে গানটি দেখা যাচ্ছে।

‘ড্যাডি কুল’ মূলত আন্তর্জাতিক ব্যান্ড বনি এমের বিখ্যাত গানের বলিউড সংস্করণ। নতুন এই সংস্করণটির সুর ও সংগীতায়োজন করেছেন শচীন-জিগার, আর কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও শিল্পা রাও। গানের কথা লিখেছেন কুমার এবং নৃত্য পরিচালনা করেছেন বৈভবী মার্চেন্ট।

গানটিতে শাহরুখের পরিচিত পর্দা উপস্থিতির পাশাপাশি কারিনার সঙ্গে তাঁর নাচ দর্শকদের নজর কেড়েছে। এর আগে ‘কিং’ সিনেমার ‘তু মিল যায়ে’ শিরোনামের আরেকটি গান প্রকাশিত হয়েছিল, যেখানে শাহরুখের বিপরীতে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে।

রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স প্রযোজিত এই সিনেমায় শাহরুখ ও কারিনার পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি, জয়দীপ আহলাওয়াত ও রাঘব জুয়ালসহ আরও অনেকে।

সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’।