নভেম্বর ২৮, ২০২৬, ১২:২১ পিএম
জ্বালানি সাশ্রয় ও পরিবেশবান্ধব শিল্পায়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফর এনার্জি সেভিংস ২০২৬’ অর্জন করেছে বাংলাদেশের হ্যামস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হ্যামস গার্মেন্টস লিমিটেড। গত ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ সংস্কারকৃত ভবন বা ‘রেনোভেটেড বিল্ডিং’ বিভাগে প্রতিষ্ঠানটিকে এই বিশ্বস্বীকৃতি দেওয়া হয়।
গাজীপুরে অবস্থিত হ্যামস গার্মেন্টস একটি লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠান। লিড সনদ মূল্যায়নে ১১০ পয়েন্টের মধ্যে ১০৮ পয়েন্ট অর্জন করেছে কারখানাটি।
জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি, সৌরবিদ্যুৎ উৎপাদন, উন্নত পরিচালনব্যবস্থা এবং কর্মীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ৭৫ শতাংশ জ্বালানি সাশ্রয় করতে পেরেছে। একই সঙ্গে পরিচালন পর্যায়ে ৭৮ দশমিক ১ শতাংশ কার্বন নিঃসরণ কমাতে সক্ষম হয়েছে কারখানাটি।
কপ-৩১ জলবায়ু সম্মেলনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হ্যামস গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সফিকুর রহমানের হাতে এই সম্মাননা তুলে দেন ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার টেম্পলটন।
এই আন্তর্জাতিক অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সফিকুর রহমান বলেন, সবুজ ভবন নির্মাণ কোনো ব্যয়বহুল বিলাসিতা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি অপরিহার্য বিনিয়োগ।
পরিকল্পিত বিনিয়োগ ও সঠিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি পরিচালন ব্যয় কমানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন