শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

নির্মল বাতাসের বাংলাদেশে পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: পর্যটনমন্ত্রী

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ১১:৪৩ এএম

নির্মল বাতাসের বাংলাদেশে পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: পর্যটনমন্ত্রী

মিডিয়া রানে পুরস্কার

নির্মল বাতাসে মানুষ শ্বাস নিতে পারবে এবং নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশে ভ্রমণ করতে পারবে—এমন একটি বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর হাতিরঝিলে আয়োজিত ‘মিডিয়া রান-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘রান ফর ট্যুরিজম, রান ফর ক্লিন এয়ার’ স্লোগান নিয়ে হাতিরঝিলের পুলিশ প্লাজা থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়। সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও নানা শ্রেণি-পেশার প্রায় এক হাজার পেশাদার ও অপেশাদার দৌড়বিদ এতে অংশ নেন।

সাড়ে ৭ কিলোমিটার দৌড় এবং ২ কিলোমিটার আনন্দ-দৌড়—এই দুটি বিভাগে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা পর্যটন প্রচার, সুস্থ জীবনযাপন ও নির্মল পরিবেশের বার্তা তুলে ধরেন।

অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, পর্যটন মানে কেবল নতুন জায়গা ভ্রমণ নয়, বরং প্রকৃতিকে জানা, দেশকে চেনা এবং সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়া। দেশের পাহাড়, সমুদ্র, নদী, হাওর, বন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং বৈচিত্র্যময় সংস্কৃতিকে অমূল্য সম্পদ উল্লেখ করে তিনি জানান, এসব সম্পদ সংরক্ষণ করতে পারলেই পর্যটনশিল্পের টেকসই বিকাশ সম্ভব।

পর্যটন বিকাশে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। বায়ুদূষণ, প্লাস্টিক বর্জ্য, অপরিকল্পিত নগরায়ণ ও পরিবেশের অবক্ষয়কে বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন মন্ত্রী।

সরকারের গৃহীত পদক্ষেপের তথ্য তুলে ধরে তিনি জানান, দেশের এক হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্র নিয়ে প্রণীত পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। কক্সবাজারের মতো পর্যটন এলাকাগুলোতেও এ ধরনের দৌড় কর্মসূচি আয়োজনের আহ্বান জানান তিনি।

বক্তব্য শেষে তিনটি বিভাগে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মন্ত্রী। অনুষ্ঠানে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকীসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।