শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,
ক্রীড়া ও তারুণ্য

টেলিযোগাযোগ মন্ত্রী: তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৮, ২০২৬, ০১:০৩ পিএম

টেলিযোগাযোগ মন্ত্রী: তরুণ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই

তরুণ প্রজন্মকে মাদক ও নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও শরীরচর্চার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। শনিবার (২৮ নভেম্বর) সকালে টাঙ্গাইলের ধনবাড়ীতে ১০ ও ২১ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করে। এ ধরনের ম্যারাথন আয়োজন তরুণদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে এবং স্বাস্থ্যসচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সোলায়মান হোসেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ এবং ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী।

স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই ম্যারাথনে ১০ ও ২১ কিলোমিটার বিভাগে মোট ৪০৮ জন প্রতিযোগী অংশ নেন। সকাল ৭টায় প্রথম দলে ৩০৩ জন এবং সকাল ৭টা ১৫ মিনিটে দ্বিতীয় দলে ১০৫ জন প্রতিযোগী দৌড় শুরু করেন।

ম্যারাথনের ১০ কিলোমিটার বিভাগের দৌড় ধনবাড়ী নবাব ইনস্টিটিউশন মাঠ থেকে শুরু হয়ে নরিল্যা ও ভাইঘাট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় শুরুর স্থানে এসে শেষ হয়। এই বিভাগে প্রথম স্থান অর্জন করেন হানিফ হোসেন, দ্বিতীয় হন রমজান আলী এবং তৃতীয় স্থান পান সুমন। এ বিভাগে মোট ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়।

অন্যদিকে, ২১ কিলোমিটার বিভাগে ৭০ মিনিটে দৌড় শেষ করে প্রথম স্থান অর্জন করেন এলেক্স পলাশ। ৭৭ মিনিটে ফিনিশিং লাইন অতিক্রম করে দ্বিতীয় হন মো. সেলিম এবং ৭৮ মিনিটে দৌড় শেষ করে তৃতীয় স্থান অর্জন করেন রকিবুল।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চায় উদ্বুদ্ধ করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই ম্যারাথনের আয়োজন করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।