নভেম্বর ২৮, ২০২৬, ০৮:৩২ এএম
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর কাছে স্মারকলিপি দিয়েছেন রাজশাহীর সংস্কৃতিকর্মীরা। দাবি, চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের পৈতৃক বসতভিটা বারবার ভাঙার ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের জবাবদিহি আর অবশিষ্ট জমি ও স্থাপনা সংরক্ষণ। স্মারকলিপি নিয়ে মন্ত্রী জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে এবং বসতভিটা সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ও ভূমিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপিটি দেওয়া হয়। এ সময় বসতভিটার অবশিষ্ট ০ দশমিক ১৬০৩ একর জমি দ্রুত অবমুক্ত করা, বিদ্যমান ইজারা পুনর্বিবেচনা করা এবং ঐতিহাসিক স্থানটিকে জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে সংরক্ষণে সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়, দেশভাগের আগে রাজশাহীর মিঞাপাড়ার পৈতৃক বাড়িতেই কেটেছে ঋত্বিক কুমার ঘটকের শৈশব ও কৈশোর। বাংলা চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী এই নির্মাতার স্মৃতিবিজড়িত বাড়িটি তাই দেশের চলচ্চিত্র ও সাংস্কৃতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন। ২০০৮ সাল থেকে ঋত্বিক ঘটক চলচ্চিত্র সংসদ সেখানে নিয়মিত চলচ্চিত্র উৎসব ও নানা সাংস্কৃতিক আয়োজন করে আসছে।
বাড়িটি ভাঙার চেষ্টা এই প্রথম নয়। ২০১৯ সালে একাংশ ভাঙার উদ্যোগ নেওয়া হলে দেশ-বিদেশে প্রতিবাদ ওঠে, পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ হয়। ২০২১ সালে সংরক্ষণের সরকারি প্রাক্কলন তৈরি হলেও অর্থ বরাদ্দ না পাওয়ায় কাজ হয়নি। ২০২৪ সালের আগস্টে বসতভিটার অবশিষ্ট কক্ষগুলো ভেঙে ফেলা হয়। ওই ঘটনার তদন্ত কমিটির প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ উপেক্ষিত হয়েছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে, তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
গত ১৭ নভেম্বর আবারও টিকে থাকা অংশ ভাঙার চেষ্টা হয়। খবর পেয়ে সংশ্লিষ্টরা বাধা দিলে শ্রমিকরা বলেন, জায়গাটি পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পরিষ্কারের নামে স্থাপনার একটি দেওয়ালের বড় অংশ ভেঙে ফেলা হয়েছে।
স্মারকলিপিতে পাঁচ দফা দাবি ও প্রস্তাব দেওয়া হয়েছে। প্রথমত, বারবার ভাঙার ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, টিকে থাকা অংশসহ অবশিষ্ট ০ দশমিক ১৬০৩ একর জমি সংরক্ষণ করে সেখানে ঋত্বিক ঘটকের নামে চলচ্চিত্রকেন্দ্র গড়ার লক্ষ্যে জমিটি দ্রুত অবমুক্ত করতে হবে। তৃতীয়ত, ১৯৮৭ ও ১৯৮৮ সালের দিকে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের অনুকূলে দেওয়া জমির ইজারা পুনর্বিবেচনা করতে হবে, প্রয়োজনে তা বাতিল করে জমি সরকারি বা জেলা প্রশাসনের অধীনে সংরক্ষণ করতে হবে।
চতুর্থ দাবি, অবশিষ্ট জমির চারদিকে দ্রুত উঁচু সীমানাপ্রাচীর নির্মাণ, স্থানটিকে সংরক্ষিত এলাকা ও ঋত্বিক কমপ্লেক্স নির্মাণের নির্ধারিত স্থান হিসেবে উল্লেখ করে সাইনবোর্ড স্থাপন এবং প্রবেশের জন্য একটি গেট নির্মাণ। পঞ্চমত, ভবিষ্যতে সেখানে বহুতল ঋত্বিক কমপ্লেক্স নির্মাণ করে ঋত্বিক ঘটক চলচ্চিত্র কেন্দ্র ও ঋত্বিক ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা। এর পাশাপাশি চলচ্চিত্র সংগ্রহশালা বা সাংস্কৃতিক জাদুঘর, স্টুডিও, সেমিনার হল, সিনেপ্লেক্স, প্রদর্শনী গ্যালারি, চলচ্চিত্রবিষয়ক গবেষণাগার, গ্রন্থাগার এবং চলচ্চিত্র ও সংস্কৃতিকর্মীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন