নভেম্বর ২৭, ২০২৬, ০৯:০০ পিএম
নেত্রকোনায় স্থানীয় দালালদের সহায়তায় জাল জন্মনিবন্ধনসহ ভুয়া কাগজপত্র তৈরি করে পাসপোর্টের আবেদন করতে গিয়ে দুই রোহিঙ্গা নাগরিক ও দুই দালাল আটক হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চারজনকে আদালতে সোপর্দ করেছে পূর্বধলা থানার পুলিশ।
আটক হওয়া দুই রোহিঙ্গা হলেন কাউসার বিবি ওরফে শাহারা খাতুন (১৯) এবং তাঁর বাবা রশিদউল্লাহ ওরফে বদিউল আলম (৪০)। আটক অপর দুইজন স্থানীয় দালাল হিসেবে পরিচিত পূর্বধলা উপজেলার পাটলি গ্রামের আব্দুল জলিল (৪২) ও ইলাশপুর গ্রামের মো. আজিজুল (৩০)।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই দুই রোহিঙ্গা কিছুদিন আগে টেকনাফ সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কিছুদিন থাকার পর প্রায় দুই মাস আগে তাঁরা নেত্রকোনার পূর্বধলার আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামের আব্দুল জলিলের বাড়িতে আশ্রয় নেন।
এরপর আব্দুল জলিল ও আজিজুলের সহযোগিতায় ইউনিয়ন ডিজিটাল সেন্টারের তিন উদ্যোক্তাকে ম্যানেজ করে ভুয়া কাগজপত্র বানানো হয় বলে পুলিশের ভাষ্য। এর মাধ্যমে গত ১৭ সেপ্টেম্বর শাহারা খাতুন নামে আগিয়া ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন নেন ওই রোহিঙ্গা তরুণী, আর তাঁর বাবা রশিদউল্লাহ নাম বদলে মোহাম্মদ বদিউল আলম রাখেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে ওই দুই দালালের সঙ্গে নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্টের আবেদন করতে গেলে কথা ও কাগজপত্র যাচাইয়ে সন্দেহ হয় পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো. নাজমুল ইসলামের। সন্দেহভাজন হিসেবে তাঁদের আটক করে বিষয়টি আগিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরীকে জানানো হয় এবং সঙ্গে থাকা দুই দালালকেও আটক করা হয়।
পরে চেয়ারম্যান তাঁদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁদের পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় পূর্বধলা থানার উপপরিদর্শক মোবারক হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করে মামলা করেন। মামলার অপর আসামিরা হলেন পূর্বধলার আগিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মিঠুন চন্দ্র দাস (৪০) ও জয় ঘোষ (২৮) এবং পূর্বধলা সদর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হুমায়ুন কবির (৩০)।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে জন্মনিবন্ধন তৈরিতে জড়িত থাকার অভিযোগে তিন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাসহ সাতজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে দিনাজপুর টিভি ডট কম-এর সংবাদকক্ষ নিশ্চিত করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন