নভেম্বর ২৭, ২০২৬, ০৮:২৬ পিএম
আগামী জানুয়ারি থেকে দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থা বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার পাবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই ক্যালেন্ডার দেবে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল হক।
সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার এডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।
ক্যালেন্ডারে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন প্রতিযোগিতার সময়সূচি থাকবে। বছরজুড়ে খেলাধুলা মাঠে রাখা এবং এর মাধ্যমে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গড়ে তোলাই এই উদ্যোগের লক্ষ্য।
প্রতিমন্ত্রী বলেন, দেশের ক্রীড়াঙ্গনে পরিবর্তনের হাওয়া লেগেছে, সিলেটের এই ফুটবল আয়োজন তারই প্রমাণ। ১২ বছর বয়সে সিলেট জেলা স্টেডিয়াম থেকে তাঁর ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল বলে জানান তিনি। সিলেটের প্রতি তাঁর আলাদা ভালোবাসা রয়েছে এবং একসময় তাঁর সঙ্গে খেলা গোলরক্ষক নাচনের কথাও তিনি স্মরণ করেন।
বর্তমান সরকারের ৯ মাস পূর্তির প্রসঙ্গ তুলে তিনি আশা প্রকাশ করেন, আগামী ৫ বছরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের চিত্রে বড় পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রীর স্বপ্নের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে বাংলাদেশ কেবল অংশগ্রহণে সীমাবদ্ধ থাকবে না, পদকের জন্য লড়াই করবে। এ লক্ষ্যে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে শক্তিশালী করতে জেলা প্রশাসকের বলিষ্ঠ ভূমিকা প্রয়োজন বলে তিনি অনুরোধ জানান। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে সংস্থাটিকে নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানান তিনি। গ্যালারির দর্শক ও খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে টুর্নামেন্টের সুন্দর শুরু ও সফল সমাপ্তি কামনা করেন প্রতিমন্ত্রী।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন