নভেম্বর ২৭, ২০২৬, ০৮:১৭ পিএম
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জন গ্রেফতার ও ৫১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে অস্ত্র, গুলি, ককটেল ও বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ নানা আলামত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাঁদের গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৪৭ জন, ওয়ারী বিভাগ ৮০ জন, মতিঝিল বিভাগ ৫৭ জন, তেজগাঁও বিভাগ ৭৬ জন, মিরপুর বিভাগ ১৪৬ জন, গুলশান বিভাগ ৪৫ জন ও উত্তরা বিভাগ ৪১ জনকে গ্রেফতার করে। এছাড়া গোয়েন্দা বিভাগ তিনজন ও এসআরইউ একজনকে গ্রেফতার করে।
ডিএমপির ভাষ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৫৪ জন রয়েছেন। সবচেয়ে বেশি ১৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে।
অভিযানকালে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, চার রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল, চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯১৫৮ পিস ইয়াবা, একটি বাস, ব্যাংকের তিনটি কার্ড, ১১টি মোবাইল ফোন, নগদ ১২ হাজার ৯৬৫ টাকা ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী তৎপরতা জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে থাকে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন