শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
বৈজ্ঞানিক গবেষণা

গবেষণার গুণগত মান ও আন্তর্জাতিক অংশীদারত্বে জোর ঢাবি উপাচার্যের

শিক্ষা ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৬, ০৭:৫৭ পিএম

গবেষণার গুণগত মান ও আন্তর্জাতিক অংশীদারত্বে জোর ঢাবি উপাচার্যের

অর্থবহ বৈজ্ঞানিক অগ্রগতি পেতে গবেষণার গুণগত মান নিশ্চিত করতে হবে, নিছক গবেষণার সংখ্যা বাড়িয়ে নয় বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। শুক্রবার (২৭ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম হোসেন খন্দকার বিজ্ঞান ভবনে বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের ১১তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে তিনি এ কথা বলেন।

শক্তিশালী গবেষণা সংস্কৃতি গড়ে তোলার পাশাপাশি প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও আন্তর্জাতিক গবেষণা অংশীদারত্ব জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছেন উপাচার্য।

ক্রিস্টালোগ্রাফিকে আধুনিক বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা হিসেবে তুলে ধরে অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, ওষুধশিল্প ও প্রকৌশলসহ বিজ্ঞানের নানা শাখায় এর বড় ভূমিকা রয়েছে। টেকসই জ্বালানি, উন্নত ইলেকট্রনিক যন্ত্র, সেন্সর ও নতুন উপাদান উদ্ভাবনে ক্রিস্টালোগ্রাফিভিত্তিক গবেষণার গুরুত্ব দিন দিন বাড়ছে বলে উল্লেখ করেন তিনি। এ ধরনের গবেষণা এগিয়ে নিতে গবেষণা অবকাঠামোর উন্নয়ন, আধুনিক যন্ত্রপাতির সুবিধা বাড়ানো এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আন্তবিষয়ক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন বলে মত দেন তিনি।

বৈজ্ঞানিক সম্মেলনের গুরুত্বও তুলে ধরেন ঢাবি উপাচার্য। তাঁর মতে, এ ধরনের আয়োজন গবেষকদের মধ্যে জ্ঞান ও গবেষণালব্ধ ফলাফল বিনিময়ের সুযোগ তৈরি করে, আর গবেষণার অগ্রগতিতে সেই সুযোগ যথাযথভাবে কাজে লাগাতে হবে।

তরুণদের গবেষণায় যুক্ত করার ওপর জোর দিয়ে তিনি বলেন, গবেষণার সংখ্যার চেয়ে গুণগত মানকে বেশি গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শরীফুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. ফরিদা বেগম। আলোচনায় অংশ নেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাসিত, আর ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ ক্রিস্টালোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী হানিয়াম মারিয়া।