নভেম্বর ২৭, ২০২৬, ০৬:২৮ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগ ও দলটির নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একমাত্রিক ও একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন।
শুক্রবার (২৭ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ মন্তব্য করেন। ‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ প্ল্যাটফর্ম এই স্মরণসভার আয়োজন করে।
মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দিয়ে ইতিহাস রচনার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলে রিজভী বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন এবং তার ঘোষণার মধ্য দিয়েই শ্রমিক, কৃষক ও ছাত্ররা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। তাকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হলেও মানুষের হৃদয়ে লেখা ইতিহাস টিকে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
রিজভীর মতে, ১৯৭১, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ এবং চব্বিশের জুলাই—সবই বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল অধ্যায় এবং একটি সংগ্রামের চেতনা অন্য সংগ্রামকে প্রভাবিত করেছে। তিনি বলেন, ১৯৯০ সালের গণতান্ত্রিক চেতনা ছিল একনায়ককে পরাজিত করে জনগণের শাসন প্রতিষ্ঠা করা, যা জুলাইয়ের আন্দোলনকেও প্রভাবিত করেছে।
তিনি আরও বলেন, ১৯৯০ সালের চেতনা, ৭ নভেম্বরের চেতনা এবং জুলাইয়ের অর্জন ধারণ করে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তবে এখন শুধু সরকার পেলেই হবে না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার দায়িত্বও রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করে রিজভী জানান, ওই সংগ্রামের অর্জিত গৌরব তাকে পরবর্তী ৩৬ বছর ধরে গণতান্ত্রিক সংগ্রামে উদ্বুদ্ধ করেছে এবং সেই চেতনার ধারাবাহিকতায় শেষ পর্যন্ত শেখ হাসিনার শাসনের পতন সম্ভব হয়েছে বলে তিনি দাবি করেন।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন