নভেম্বর ২৭, ২০২৬, ০৭:৩৫ পিএম
২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের ৫০০ উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালু হচ্ছে। এ কর্মসূচির আওতায় প্রতিদিন ১ কোটি ১০ লাখ শিশু দুপুরের খাবার পাবে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুরোনো বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান এ কথা জানান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী।
ডা. জুবাইদা রহমান বলেন, শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা অব্যাহত রাখতে স্কুল ফিডিং কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমানে দেশের ৫০০ উপজেলার মধ্যে ১৫১ উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। চার থেকে ১০ বছর বয়সী শিশুদের উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখার জন্য এ প্রকল্প যথেষ্ট বলে জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রন্ধন প্রতিযোগিতায় ৩০০ রেসিপির মধ্য থেকে সেরা পাঁচজনকে পুরস্কার দেওয়া হয়। প্রথম স্থান অধিকার করেন মাদারিপুরের তাহেরা ইসলাম তিন্নি, দ্বিতীয় হন আবু আব্দুলাহ মোহাম্মদ সিয়াম এবং তৃতীয় হন রংপুরের সাজিয়া ফেরদৌস। বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট, সনদ ও চেক দেওয়া হয়।
চলমান কর্মসূচির পাশাপাশি খাবারের গুণগত মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদারের ওপর গুরুত্ব দেন ডা. জুবাইদা রহমান। বিদ্যালয়ের খাবারের মান ও পুষ্টিগুণ বাড়াতে স্থানীয় পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, বিভিন্ন জেলা বা উপজেলা পর্যায়ে স্কুলের মিডডে মিল বা শিশুদের বিদ্যালয়ের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করার জন্য রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।
প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণ এবং স্থানীয় উপকরণের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রন্ধনপ্রণালি, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্যের ব্যবহার এবং মায়েদের সম্পৃক্ততা ও তদারকি দেশের শিশুদের পুষ্টির মান বহুগুণে বাড়াবে। রান্না প্রসঙ্গে তিনি বলেন, রান্না একটি শিল্প। তবে এটি একই সঙ্গে একটি ভাষা, একটি বিজ্ঞান এবং মানুষের সঙ্গে যোগাযোগের একটি মাধ্যম।
বাংলাদেশের শিশুদের পুষ্টি পরিস্থিতি তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, জাতিসংঘের পরিসংখ্যান অনুসারে বাংলাদেশের ৬৪ জেলায়, ৫০০ উপজেলায়, ৪ হাজার ৫৯৯ ইউনিয়নের ৯০ হাজার ৪৯ গ্রামের প্রেক্ষাপটে পাঁচ বছরের নিচে ২৫ দশমিক ১ শতাংশ শিশু খর্বতার শিকার। তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর গঠিত সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
কৃষি উৎপাদন বৃদ্ধি ও পুষ্টির ঘাটতি দূরীকরণে তিনি উন্নত ফসলের চাষ, ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, ভিটামিন এ সমৃদ্ধ সোনালি ধান এবং পুষ্টির অভাব দূরীকরণে রোগ প্রতিরোধী আলু চাষের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি কীটনাশকের ব্যবহার কমাতে পোকা প্রতিরোধী বেগুন চাষের প্রসার ঘটছে বলে জানান তিনি। বর্তমানে ৩০ হাজারেরও বেশি কৃষক এ ধরনের বেগুন চাষ করছেন।
আধুনিক সেচ ও কৃষি অবকাঠামোর উন্নয়ন, খাল খননের মাধ্যমে ভূপৃষ্ঠের পানির ব্যবহার বৃদ্ধি, জলাবদ্ধতা দূরীকরণ এবং পতিত জমিকে আবাদি জমিতে রূপান্তরের উদ্যোগ নিতে হবে বলে জানান ডা. জুবাইদা রহমান। মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে সচেতনতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় মা ও শিশুদের বৈচিত্র্যময় ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যকর রান্নার অভ্যাস তৈরিতে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি করতে হবে। ক্ষুধামুক্ত পৃথিবী গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোহাম্মদ শাহজামান খান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন