অক্টোবর ২১, ২০২৫, ১১:৩৩ পিএম
আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো লিভার বা যকৃৎ। সার্বিকভাবে সুস্থ থাকার জন্য লিভারের ভূমিকা অপরিসীম। কিন্তু আধুনিক জীবনযাত্রা, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং মানসিক চাপের কারণে অল্প বয়সেই লিভারের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে, যার মধ্যে অন্যতম হলো ফ্যাটি লিভার। তবে, কিছু পুষ্টি উপাদান রয়েছে যা লিভারের কার্যকারিতা বাড়াতে এবং ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। এর মধ্যে অন্যতম হলো ম্যাগনেসিয়াম।
অনিদ্রা, খিদে কমে যাওয়া বা হাড় ভঙ্গুর হওয়ার মতো নানা সমস্যার সমাধানে ম্যাগনেসিয়াম খুব জরুরি একটি খনিজ। কিছু ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার রয়েছে, যেগুলো একসঙ্গে খেলে দারুণ উপকার পাওয়া যায়।প্রথমেই আসে সবুজ শাকসবজি। পালং শাক-এ প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে। এই পালং শাক যদি স্বাস্থ্যকর ফ্যাট, যেমন অলিভ অয়েল দিয়ে রান্না করে খাওয়া যায়, তবে তা লিভারের জন্য অত্যন্ত উপকারী। এটি শরীরের ম্যাগনেসিয়ামের ঘাটতি মেটায়।
স্বাস্থ্যকর স্ন্যাকস হিসেবে আমন্ড ও কাজু বাদাম খেতে পারেন। এই দুই ধরনের বাদামেই রয়েছে প্রচুর ভিটামিন ই এবং ম্যাগনেসিয়াম, যা লিভারকে সুস্থ রাখতে সহায়তা করে।কুমড়োর বীজ ম্যাগনেসিয়ামের একটি অসাধারণ উৎস। এই বীজ যদি অ্যাভোকাডোর মতো লিভার-বান্ধব ফলের সঙ্গে মিশিয়ে সালাদ বা স্মুদি হিসেবে খাওয়া যায়, তবে তা স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।
যাদের মিষ্টি খেতে ভালো লাগে, তারা সাধারণ মিষ্টির বদলে ডার্ক চকোলেট খেতে পারেন। ডার্ক চকোলেটে থাকা ম্যাগনেসিয়াম লিভারের জন্য ভালো। এর সঙ্গে যেকোনো ধরনের ফল মিশিয়ে খেলে তা বাড়তি পুষ্টি জোগায়।এছাড়াও, কলা ম্যাগনেসিয়ামের একটি চমৎকার উৎস। প্রতিদিনের খাদ্যতালিকায় একটি করে কলা রাখা যেতে পারে। বিশেষ করে, সকালের নাস্তায় ওটসের সঙ্গে কলা দিয়ে স্মুদি বানিয়ে খেলে তা দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এবং লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন