নভেম্বর ২৭, ২০২৬, ০৭:৩১ পিএম
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি, তবে নতুন করে আরও ৬১৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫২৭ জনে।
মাসভিত্তিক মৃত্যুর হিসাব বিশ্লেষণে দেখা যায়, এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে প্রাণ হারান, আর মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যু হয়নি। মে মাসে একজন ও জুনে ১৩ জনের মৃত্যুর পর জুলাই থেকে পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ জন এবং আগস্টে ৪৩ জন মারা যাওয়ার পর সেপ্টেম্বরে প্রাণহানি বেড়ে দাঁড়ায় ১৪৮ জনে। অক্টোবরে মৃত্যু হয় ১৭৪ জনের, যা চলতি বছরের এক মাসের মধ্যে সর্বোচ্চ; আর চলতি নভেম্বরে এখন পর্যন্ত ১০৮ জনের মৃত্যু হয়েছে।
গত ১ জানুয়ারি থেকে শুক্রবার পর্যন্ত সারাদেশে মোট এক লাখ ৭৮ হাজার ৭৫৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন এক লাখ ৭৩ হাজার ৬৩১ জন, এবং বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চার হাজার ৬০১ জন রোগী।
সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১৯৭ জন ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১২৪ জন, খুলনায় ১০৬ জন, বরিশালে ৭০ জন, রাজশাহীতে ৪৩ জন, ময়মনসিংহে ৪৩ জন, রংপুরে ২৮ জন এবং সিলেট বিভাগে আটজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন