নভেম্বর ২৭, ২০২৬, ০৭:২০ পিএম
দেশে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যে যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে আয়োজিত এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে পুলিশ সদস্যদের দৃঢ় প্রত্যয় ও মনোবল নিয়ে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান আইজিপি।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মো. আলী হোসেন ফকির বলেন, খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং মাদকমুক্ত সমাজ গঠনেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ক্রীড়াক্ষেত্রে নৈপুণ্য প্রদর্শনের জন্য নিয়মিত অনুশীলনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
বক্তব্য শেষে আইজিপি বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং অনুষ্ঠানে শিশুরা মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।
অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স) ও বাংলাদেশ পুলিশ জুডো, কারাতে, তায়কোয়ানডো ও উশু ক্লাবের সভাপতি মো. আকরাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাডিশনাল আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেনসহ অতিরিক্ত আইজিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন