নভেম্বর ২৭, ২০২৬, ০৬:৫৯ পিএম
মাদকাসক্তি ও অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে সিলেটের যুবসমাজকে রক্ষা করতে নিয়মিত খেলাধুলা চালুর তাগিদ দিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি সিলেটে ফুটবল, ভলিবল ও বাস্কেটবল লিগ চালুর আহ্বান জানান। সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার যৌথ আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেট দীর্ঘদিন ক্রীড়াবিমুখ ছিল এবং নির্বাচনের সময়ও মাদকাসক্তি ও অনলাইন জুয়া থেকে যুবকদের বাঁচানোর প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ক্রীড়াঙ্গনের দায়িত্বপ্রাপ্তদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি যত দ্রুত সম্ভব সিলেটে ফুটবল, ভলিবল ও বাস্কেটবল লিগ চালু করার তাগিদ দেন। অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক উপস্থিত থাকায় সিলেটের ক্রীড়াঙ্গন প্রয়োজনীয় সব সহযোগিতা পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বাণিজ্যমন্ত্রী।
টুর্নামেন্টের উদ্বোধন করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, বর্তমান সরকারের সময়ে ক্রীড়াঙ্গন কতটা গতি পেয়েছে, সিলেটের এই আয়োজনই তার প্রমাণ। মাত্র ১২ বছর বয়সে এই সিলেট জেলা স্টেডিয়াম থেকেই নিজের ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছিল উল্লেখ করে তিনি সিলেটের প্রতি গভীর ভালোবাসার কথা জানান।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, সরকার ক্ষমতায় আসার নয় মাস অতিক্রম করেছে এবং প্রধানমন্ত্রীর স্বপ্ন অনুযায়ী আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ক্রীড়াঙ্গনের চিত্র বদলে দেওয়া হবে, যাতে অলিম্পিক, এশিয়ান গেমস বা কমনওয়েলথ গেমসে বাংলাদেশ কেবল অংশগ্রহণের জন্য নয় বরং পদকের জন্য লড়াই করতে পারে।
এ সময় তিনি আগামী জানুয়ারি থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের ৬৪টি জেলা ক্রীড়া সংস্থাকে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডার প্রদানের ঘোষণা দেন। দলমত নির্বিশেষে খেলাধুলার মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গঠনে জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবার বলিষ্ঠ ভূমিকা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আয়োজকদের ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টে জৈন্তাপুর উপজেলা দল চ্যাম্পিয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, মাহবুব আলী খান ছিলেন সিলেটের শ্রেষ্ঠ সন্তান, যিনি দূরদর্শিতা দিয়ে সমাজে নেতৃত্ব দিয়েছেন এবং নতুন প্রজন্মের উচিত তার আদর্শ অনুসরণ করা।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটের এই ঐতিহ্যবাহী মাঠ থেকে বহু খেলোয়াড় ফুটবল, ক্রিকেট ও হকিতে খেলে জাতীয় পর্যায়ে জায়গা করে নিলেও বিগত ১৭ বছর মাঠে কোনো খেলাধুলা দেখা যায়নি, কেবল নামসর্বস্ব ফেডারেশন ছিল। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী খেলোয়াড়রা যেন খেলাকে পেশা হিসেবে নিতে পারেন, সেই লক্ষ্যে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সারাদেশে খেলাধুলা মাঠে গড়িয়েছেন এবং তারই ধারাবাহিকতায় এই আয়োজন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আয়োজকরা জানান, এবারের টুর্নামেন্টে সিলেট সিটি করপোরেশনের একটি এবং জেলার ১৩টি উপজেলা মিলিয়ে মোট ১৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে সিলেট সদর উপজেলা ও জৈন্তাপুর উপজেলা দল পরস্পরের মুখোমুখি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য মকসুদ হোসেন এবং শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব সিদ্দিকুর রহমান পাপলু ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব রেজাউল করিম নাচন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, এসএমপি কমিশনার সারওয়ার মোর্শেদ শামীম, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন