শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
জাতীয় রাজনীতি

দেশ ছেড়ে পালিয়েও মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না হাসিনা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৬, ০৭:০৬ পিএম

দেশ ছেড়ে পালিয়েও মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না হাসিনা

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার শাসনামল ছিল খুন ও গুমের সরকার এবং তিনি আন্দোলনের নামে নিরীহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল পাঁচটার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার সরকারি লৌহজং কলেজ মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে রিজভী অভিযোগ করেন, দেশ ছেড়ে পালিয়ে গিয়েও শেখ হাসিনা দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছেন না। তার শাসনামলে শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে দাবি করে তিনি বলেন, বড় বড় উন্নয়ন প্রকল্পের নামে লুট করা অর্থ দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা দিল্লি ও আমেরিকায় বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন।

তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ টেনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, তারেক রহমান শান্তি ও গণতন্ত্রের পক্ষে কাজ করছেন এবং দেশকে সঠিক পথে পরিচালিত করছেন, যা ফ্যাসিবাদীরা মেনে নিতে পারছে না।

লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জ্যেষ্ঠ সদস্য হাজী মো. রাসেদের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মীর সরাফত আলী সপু, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক, বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, শেখ মো. আব্দুল্লাহ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সমতাজ আলো এবং টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক।

এ ছাড়া বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক অবাক, সাবেক সদস্য বাদল হোসেন হাওলাদার, জেলা যুবদলের সভাপতি মো. সোহেল আহমেদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক হাজী মুক্তার হোসেন খান। সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।