নভেম্বর ২৭, ২০২৬, ০৭:৪৬ পিএম
শিল্পকারখানা শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের ঘোষণাকে সমর্থন জানিয়ে এবং বর্তমান সরকারের মজুরি বোর্ডকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গাজীপুরে আনন্দ মিছিল করেছেন শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার থেকে শুরু হয়ে সাইনবোর্ড বাজার প্রদক্ষিণ করে পুনরায় বোর্ডবাজারে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে দিনের কর্মসূচি সমাপ্ত করেন অংশগ্রহণকারীরা।
সমাবেশে শ্রমিক ও সংগঠনের নেতাকর্মীরা ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে শ্রমিক নেতারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল সাধারণ শ্রমিকদের বিভ্রান্ত করে শিল্পাঞ্চলে অসন্তোষ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। যেসব শ্রমিকের অক্লান্ত পরিশ্রমে দেশের শিল্পকারখানায় উৎপাদন সচল রয়েছে, সেই শিল্পকে ধ্বংস করার উদ্দেশ্যে কিছু কারখানায় ভাঙচুর, সড়ক অবরোধ ও নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে এবং এর মাধ্যমে প্রকৃত শ্রমিকদেরই বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তারা।
বক্তারা আরও দাবি করেন, শিল্পকারখানায় ভাঙচুর, বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কারখানার উৎপাদন স্বাভাবিক রেখে শ্রমিক ও মালিকের সমন্বয়ে দেশের পোশাকশিল্পকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন নেতারা।
কর্মসূচিতে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সাধারণ সম্পাদক আকাশ আহমেদ বাবুল, গাজীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রাসেল মন্ডল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম, টঙ্গী পূর্ব থানা কমিটির সভাপতি মোহাম্মদ আলী এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন