নভেম্বর ২৭, ২০২৬, ০৮:০৪ পিএম
খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শুক্রবার বিকেলে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন।
শহরের টাউন হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়।
প্রধান সড়কগুলো ঘুরে নেতাকর্মীরা আবার টাউন হলের সামনে ফিরে সমাবেশে যোগ দেন। সমাবেশে সভাপতিত্ব করেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিংপ্রু। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটির সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা।
নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বক্তারা। সতর্ক অবস্থানে থেকে সন্ত্রাসীদের মোকাবিলায় প্রস্তুত থাকার কথাও বলেন তাঁরা। পাহাড়ে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিঙ্কু এবং আব্দুর রউফ রাজাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন