নভেম্বর ২৭, ২০২৬, ০৮:১৩ পিএম
চট্টগ্রাম নগর থেকে ১৩ মামলার আসামি মো. ইসমাইল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বোতল রনি নামে পরিচিত এই ব্যক্তির বিরুদ্ধে পাঁচটি মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে নগরের মোহরা কাজীরহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মো. ইসমাইল হোসেনকে ধরতে কয়েক দিন ধরে নজরদারি চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে কাজীরহাট এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তাঁর বাড়ি হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মধ্যমপুরীচর এলাকায়। তিনি সেখানকার মো. মাসুদুর রহমানের ছেলে। তাঁর বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইন ও অস্ত্র আইনে ১৩টি মামলা রয়েছে। হাটহাজারীসহ বিভিন্ন থানায় পাঁচটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন আরও জানান, পুলিশের ভাষ্য অনুযায়ী মো. ইসমাইল হোসেন নগরের একজন শীর্ষ ছিনতাইকারী। তাঁকে ধরতে পুলিশ দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিল। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন