শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬,
আইন ও রাজনীতি

আইনমন্ত্রী , মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে তদবির নয়

জাতীয় ডেস্ক

নভেম্বর ২৭, ২০২৬, ০৭:৫৩ পিএম

আইনমন্ত্রী , মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের পক্ষে তদবির নয়

মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের রক্ষায় প্রশাসনের কাছে কোনো ধরনের তদবির না করতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বিএনপি, জামায়াত কিংবা অন্য যে দলেরই হোন না কেন, মাদক কারবারি ও মাদকসেবীদের পক্ষে কেউ তদবির করবেন না উল্লেখ করে এ বিষয়ে প্রশাসনের অবস্থান স্পষ্ট রাখার কথা বলেন তিনি। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার চাপালী গ্রামে সুদীন্দ্রনাথ ঘোষ (মানু) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশের শান্তি, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং সব হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে সরকার অতন্দ্র প্রহরীর মতো জেগে থাকবে।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে মো. আসাদুজ্জামান বলেন, ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত দেশের মানুষ আওয়ামী লীগ ও রক্ষীবাহিনীর সন্ত্রাস দেখেছে এবং ওই সময়ে জাসদের ৩০ হাজার নেতাকর্মীকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। ১৯৭২ সালের ৩১ অক্টোবর কেরানীগঞ্জের সিদ্দিক মাস্টারকে তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে বাংলাদেশের প্রথম গুমের ঘটনা এবং সিরাজ সিকদারকে প্রথম বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার উল্লেখ করে তৎকালীন সরকারের ভূমিকার সমালোচনা করেন তিনি।

বিগত ১৬ থেকে ১৭ বছরের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী অভিযোগ করেন, ওই সময়ে তাদের প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে এবং ৬০০ জনকে গুম করা হয়েছে। পাশাপাশি প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মামলা দিয়ে তাদের বাড়িঘর থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী ওই সময়ে প্রায় এক হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন এবং মাত্র ২০ দিনে ২০ হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, যাদের কেউ হাত, কেউ পা আবার কেউ চোখ হারিয়েছেন এবং অনেকে এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন।

এত হত্যাকাণ্ড ও নির্যাতনের পরও কেউ কেউ বাংলাদেশকে হুমকি দেওয়ার চেষ্টা করছে মন্তব্য করে তিনি গোপালগঞ্জের লোকজনকে দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগ তোলেন এবং এসব করে কোনো লাভ হবে না বলে হুঁশিয়ারি দেন।

মোটরসাইকেলে এসে বোমা ছুড়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটিয়ে কেউ পার পেয়ে যাবে এমনটি ভাবার কারণ নেই উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিএনপির নেতাকর্মী, প্রশাসন ও বিরোধী দলের নেতাকর্মীরা এসব ঘটনা নীরবে দেখবেন না এবং সবার বাড়িঘর ও চলাচলের পথ সম্পর্কে জানা আছে। অতীতে ক্ষমতায় থেকে যেভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই দুঃস্বপ্ন আর দেখার চেষ্টা না করার হুঁশিয়ারিও দেন তিনি।

কালীগঞ্জবাসীর উদ্দেশে আইনমন্ত্রী বলেন, আপনাদের এখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান রয়েছেন, তিনি একাই যথেষ্ট, পাশাপাশি সংসদ সদস্যও আছেন; এরপরও প্রয়োজন মনে করলে আমাকে জানাবেন, আমি সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, জেলা প্রশাসক নোমান হাসান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ, জেলা পুলিশ সুপার আশিস বিন হাসান, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।