নভেম্বর ১৭, ২০২৬, ০৯:১৮ পিএম
ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার সম্পূর্ণ দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মেজর সিনহা হত্যা, বিশ্বজিৎ দাস হত্যা এবং শহীদ আবরার ফাহাদ হত্যা মামলার আপিল বিভাগে আগামী সপ্তাহ থেকেই পর্যায়ক্রমে শুনানি শুরু হবে।
মঙ্গলবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক গুরুত্বপূর্ণ বক্তব্যে তিনি এ কথা জানান।
এ সময় আইনমন্ত্রী বিগত সরকারের আমলের বিভিন্ন চাঞ্চল্যকর ঘটনার কথা স্মরণ করে বলেন, গত মে মাসে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনা পুরো জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছিল। গত ১৯ মে প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন। এরপর ২০ মে মামলা দায়েরের মাত্র চার দিনের মাথায় ২৪ মে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গত ১৭ জুন আদালত সোহেল রানা ও তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিচারিক ইতিহাসে এত অল্প সময়ের মধ্যে মৃত্যুদণ্ডের মামলার আপিল নিষ্পত্তির ঘটনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধান বিচারপতি এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও ভূমিকার কারণেই এ বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছে।
আইনমন্ত্রী জানান, ঘটনা সংঘটিত হওয়ার পরপরই, এমনকি মামলা দায়েরের আগেই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিনি নিজেও শিশু রামিসার বাসায় গিয়ে তার বাবা-মাকে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। বিগত দেড় দশকের বিচারহীনতার সংস্কৃতির কারণে সঠিক বিচার না পাওয়ার আশঙ্কায় রামিসার বাবা শুরুতে মামলা করতে অনিহা প্রকাশ করেছিলেন। তবে বর্তমান সরকার তাদের ন্যায়বিচারের আশ্বাস দিয়েছিল এবং সেই প্রতিশ্রুতি রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।
সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই ন্যায়বিচার প্রতিষ্ঠার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দিয়েছে। যত বাধা ও প্রতিকূলতাই সামনে আসুক না কেন, সরকার ন্যায়বিচারের পথ থেকে একচুলও সরে আসবে না। বিগত ১৬-১৭ বছরে যারা বিভিন্ন হত্যাকাণ্ড, গুম, রাজনৈতিক নিপীড়ন ও মানবতাবিরোধী অপরাধের শিকার হয়েছেন, তাদের সকলের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের প্রতি সরকারের ঐতিহাসিক দায়বদ্ধতা।
আইনমন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি জেলায় মানবতাবিরোধী অপরাধের বিচার কার্যক্রম দ্রুত শুরু করার জন্য প্রয়োজনীয় টিম পাঠানোর কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে। একই সঙ্গে হাদি হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারপ্রক্রিয়াকেও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তিনি আরও যোগ করেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার এই জাতীয় উদ্যোগে বিরোধী দলের সংসদ সদস্যদের ইতিবাচক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। বিরোধীদলীয় সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান সম্প্রতি সংসদে যে বিষয়টি উত্থাপন করেছেন, সরকার তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন