নভেম্বর ১৭, ২০২৬, ০৮:১৫ পিএম
শুধু বড় বড় ডিগ্রি অর্জন করলেই হবে না, সেই শিক্ষা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে, বড়দের সম্মান করতে হবে এবং ছোটদের ভালোবাসতে হবে। সমাজে নিরাপত্তা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে না পারলে সেই প্রাতিষ্ঠানিক ডিগ্রির কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) কর্ণফুলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, এমন শিক্ষায় শিক্ষিত হতে হবে যে শিক্ষা মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায়, দেশপ্রেম জাগ্রত করে এবং সমাজ পরিবর্তনে কার্যকরী ভূমিকা রাখে। শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি অর্জন নয়, মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠাই শিক্ষার মূল উদ্দেশ্য এবং অর্জিত জ্ঞান মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
উপজেলার ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত এ বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল ‘মেধা পাচার রোধে শিক্ষাব্যবস্থার সংস্কারের চেয়ে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো অধিক ফলপ্রসূ’। এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দৌলতপুর বহুমুখী উচ্চবিদ্যালয় বিজয়ী এবং আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজ রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
শিক্ষার্থীদের যুক্তি ও উপস্থাপনার ভূয়সী প্রশংসা করে জাহিদুল ইসলাম বলেন, উপজেলা পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমন উচ্চমানের বিতর্ক তাঁকে দারুণভাবে অভিভূত করেছে। তাদের আত্মবিশ্বাস ও বিশ্লেষণী দক্ষতা প্রমাণ করে যে বাংলাদেশের তরুণদের বিশ্বমঞ্চে নিজেদের যোগ্যতা তুলে ধরার পূর্ণ সক্ষমতা রয়েছে।
আমাদের সবচেয়ে বড় সম্পদ মেধাবী তরুণ প্রজন্ম এবং তাদের নিয়ে যত বেশি কাজ করা হবে, দেশ তত উপকৃত হবে।
শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী করার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না কারণ পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। তাই নিজেদের জ্ঞান ও দক্ষতা নিয়মিত উন্নত করার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের যোগ্যভাবে উপস্থাপনের সক্ষমতা অর্জন করতে হবে।
বিশ্বায়ন ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে কর্মসংস্থানের ধরন বদলে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যোগ্যতা থাকলে এখন পৃথিবীর যেকোনো প্রান্তে বসে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের জন্য কাজ করা সম্ভব, আর এ জন্য শিক্ষার্থীদের নতুন প্রযুক্তি ও উদ্ভাবন সম্পর্কে জানতে হবে। এ সময় তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ড্রোন গবেষণা দল ‘টিম স্টারাপ্টর’-এর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্যোগের কথা বিশেষভাবে উল্লেখ করেন।
শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে জেলা প্রশাসক বলেন, শিক্ষকেরা নিজেদের আদর্শ ও অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে গড়ে তুলতে পারলে শিক্ষার্থীরাও সঠিক পথে পরিচালিত হবে। বিতর্ক প্রতিযোগিতায় জয়-পরাজয়ের চেয়ে অর্জিত অভিজ্ঞতা বেশি গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি দেশের সব উপজেলায় এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতা আয়োজনের আহ্বান জানান।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক। এ সময় নাগরিক সেবা প্রদানে কোনো ধরনের গাফিলতি না করা এবং নির্ধারিত সময়ে দাপ্তরিক কাজ শেষ করার কঠোর নির্দেশ দেন তিনি। পরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে নামজারি ও ভূমিসেবা প্রদানে বিলম্ব হচ্ছে কি না তা খতিয়ে দেখেন এবং নাগরিক ভোগান্তি কমাতে নিয়মিত বিবিধ মামলার শুনানি গ্রহণের নির্দেশ দেন। এ ছাড়া সফরকালে চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে একটি নতুন পাঠাগারের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন