নভেম্বর ১৭, ২০২৬, ০৭:৫৫ পিএম
মা-বাবা দুজনই প্রকৌশলী হলে সন্তানের ক্যারিয়ারের পথ সাধারণত আগে থেকেই নির্ধারিত থাকে বলে মনে করা হয়। বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া করপোরেশনের সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং এবং তার স্ত্রী লরির মেয়ে ম্যাডিসন হুয়াংয়ের ক্ষেত্রেও তেমনটাই হতে পারত। কিন্তু বাবা-মায়ের প্রচলিত পথে না হেঁটে তিনি পেশা হিসেবে প্রথমে রন্ধনশিল্প বেছে নেন এবং পরবর্তীতে বিলাসবহুল ব্র্যান্ডিং খাতে সফলভাবে কাজ করার পর যোগ দেন বাবার প্রতিষ্ঠিত কোম্পানিতেই। বর্তমানে বাবার প্রতিষ্ঠিত এনভিডিয়াতে তার একটি উল্লেখযোগ্য প্রভাব ও শক্তিশালী অবস্থান রয়েছে।
ম্যাডিসন হুয়াংয়ের পেশা নির্বাচনের এই গল্পটি অনেকের কাছে জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর গল্পের কথা মনে করিয়ে দেয়। ছবিটির প্রধান চরিত্র র্যাঞ্চোর মতো জেনসেন হুয়াংও তার মেয়েকে প্রথাগত ক্যারিয়ারের গণ্ডি থেকে বেরিয়ে নিজের পছন্দের পথটি বেছে নিতে উৎসাহিত করেছিলেন। ম্যাডিসন প্রথমে বাবা-মায়ের পদাঙ্ক অনুসরণ করে প্রকৌশলবিদ্যা পড়ার কথা ভেবেছিলেন। কিন্তু বাবার উপদেশে তিনি বিশ্ববিদ্যালয়ের আবেদন প্রত্যাহার করে রন্ধনশিল্পের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান ‘কালিনারি ইনস্টিটিউট অব আমেরিকা’-তে ভর্তি হন। গত এপ্রিলে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির রোবোটিকস বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে তিনি নিজেই তার এই ভিন্নধর্মী যাত্রার কথা প্রকাশ করেন।
২০১২ সালে রন্ধনশিল্পের ওপর প্রাতিষ্ঠানিক পড়াশোনা শেষ করে তিনি মিয়ামি, নিউইয়র্ক এবং সান ফ্রান্সিসকো বে এলাকার বিভিন্ন পেশাদার রান্নাঘরে সুনামের সঙ্গে কাজ করেন। এরপর তিনি প্যারিসের স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ল্য করদঁ ব্লু’ থেকে পেস্ট্রি তৈরি এবং লন্ডনে ওয়াইন ও স্পিরিট বিষয়ে উচ্চতর পড়াশোনা সম্পন্ন করেন। খাবার ও বিলাসবহুল শিল্পের ব্যবসায়িক ও বিপণন দিকগুলো গভীরভাবে অনুধাবন করতে তিনি ফরাসি বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ‘এলভিএমএইচ’-এ যোগ দেন এবং সেখানে প্রায় চার বছর কাজ করেন।
পরবর্তী সময়ে ম্যাডিসন ২০১৯ সালে লন্ডন বিজনেস স্কুলে বিপণন ও কৌশল বিষয়ে উচ্চতর এমবিএ ডিগ্রি অর্জনের জন্য ভর্তি হন। এরপর ২০২০ সালে তিনি শিক্ষানবিশ বা ইন্টার্ন হিসেবে এনভিডিয়াতে যোগ দেন। সেখানে তিনি প্রতিষ্ঠানটির অমনিভার্স প্ল্যাটফর্ম এবং রোবোটিকস ব্যবসার পণ্য বিপণনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে যুক্ত হন।
বর্তমানে ৩৫ বছর বয়সী ম্যাডিসন এনভিডিয়ার ফিজিক্যাল এআই প্ল্যাটফর্মগুলোর—যেমন অমনিভার্স, কসমস এবং আইজ্যাক—পণ্য ও প্রযুক্তি বিপণনের জ্যেষ্ঠ পরিচালক বা ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। এসব উন্নত প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার এমন পরিশীলিত ব্যবস্থা তৈরি করা হয়, যা রোবটসহ সরাসরি ভৌত জগতের বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত হতে পারে।
নিজের পেশাজীবনের সাফল্যের পেছনের মূল মন্ত্র সম্পর্কে ম্যাডিসন জানান, তার কাজের ক্ষেত্রে তিনটি প্রধান নীতি রয়েছে—কাজের চরম নৈপুণ্য, সূক্ষ্ম ও ছোট বিষয়গুলোর প্রতি কড়া নজর রাখা এবং নিজেকে প্রতিনিয়ত নতুন করে গড়ার মানসিকতা। তিনি বলেন, তিনি সব সময় এমন পেশাই বেছে নিয়েছেন, যেখানে নিজের হাতে কিছু তৈরি করা যায়—তা হোক রন্ধনশিল্প, বিলাসবহুল ব্র্যান্ডিং কিংবা অত্যাধুনিক প্রযুক্তি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন