নভেম্বর ১৭, ২০২৬, ০৮:০৯ পিএম
গ্র্যাচুইটি ও বকেয়া পাওনা পরিশোধসহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম বন্দরের প্রধান দুটি টার্মিনালে প্রায় পাঁচ ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন শ্রমিকরা। এর ফলে টার্মিনাল দুটিতে কনটেইনার ওঠানো-নামানো সম্পূর্ণ বন্ধ থাকে এবং পাশাপাশি পণ্য ডেলিভারি কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টা থেকে দেশের প্রধান সমুদ্রবন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগং কনটেইনার টার্মিনালে (সিসিটি) হঠাৎ কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন কয়েক শ শ্রমিক। এ সময় তারা ক্রেনসহ বন্দর পরিচালনার অন্যান্য সরঞ্জাম ব্যবহার থেকে বিরত থাকেন। এর ফলে জাহাজে কনটেইনার ওঠানো-নামানো এবং বন্দর থেকে পণ্য ডেলিভারি কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের একটি প্রতিনিধি দলের ফলপ্রসূ আলোচনার পর দুপুর ২টার দিকে আন্দোলনরত শ্রমিকরা কাজে ফিরে আসেন।
ঘটনার বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, সকালের দিকে এনসিটি ও সিসিটিতে বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা কাজ বন্ধ করে দেন। তবে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তারা কাজে যোগ দিয়েছেন এবং বর্তমানে বন্দরের সার্বিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন