নভেম্বর ২৮, ২০২৬, ০৮:০৭ এএম
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও রাজনৈতিক অস্থিরতা প্রতিরোধে ডিসেম্বরজুড়ে রাজপথে সতর্ক পাহারায় থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের হাইকমান্ডের নির্দেশে ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সব স্তরের নেতাকর্মী মাঠে থাকবেন। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও নিজ নিজ সদস্যদের সংগঠিত করছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় এই নির্দেশনা দেওয়া হয়। সভায় দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় সক্রিয় থাকতে এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে নির্দেশ দেন। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নেওয়ার কঠোর সতর্কবার্তাও দেন তিনি।
দলীয় সূত্র জানিয়েছে, সরকারের পাশাপাশি পরিস্থিতির ওপর নজর রাখবে বিএনপি। সংসদ সদস্যদের নির্বাচনি এলাকায় থাকতে বলা হয়েছে। অঙ্গসংগঠনের নেতাদেরও দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার ও দল প্রতিশোধমূলক কোনো পদক্ষেপের বিরোধী। অপরাধীদের আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় আনার পক্ষে তারা। তবে নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে নেতাকর্মীরা রাজপথে সতর্ক থাকবেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে জরুরি সভায় কেন্দ্রের নির্দেশনার কথা জানান চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি ঘোষণা দেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নেতাকর্মীরা মাঠে থাকবেন। দায়িত্ব পালনে ত্রুটি বা অনিয়ম পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, মনে রাখতে হবে, সবার আগে দেশ, এরপর দল, তারপর নির্বাচন। বিগত ১৭ বছর এবং ২০২৪ সালের আন্দোলন-সংগ্রামে যেভাবে রাজপথে সক্রিয় ছিলেন, সেভাবেই জনগণের জানমাল রক্ষায় পাশে দাঁড়াতে হবে। ফ্যাসিবাদের বিষয়ে দলের কোনো আপস নেই উল্লেখ করে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকতে হবে।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যা সেলিম, সহসভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পাটওয়ারী, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির আলমগীর হোসেন সরকার এবং কচুয়া উপজেলা বিএনপির খায়রুল আবেদিন স্বপন। সভায় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মাসব্যাপী কর্মসূচি শুরু হবে ১ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের মধ্য দিয়ে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সমাবেশের স্থান ও সময় এখনো ঘোষণা করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ১ ডিসেম্বর মহাসমাবেশের মধ্য দিয়ে বিজয়ের মাসের কর্মসূচি শুরু হবে।
কর্মসূচি অনুযায়ী ৩ ডিসেম্বর শ্রমিক দল, ৫ ডিসেম্বর ছাত্রদল, ৭ ডিসেম্বর যুবদল, ৮ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল এবং ৯ ডিসেম্বর মহিলা দল কর্মসূচি পালন করবে। ১২ ডিসেম্বর কৃষক দলের কর্মসূচি রয়েছে। ২৩ ডিসেম্বর তাঁতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল ও জাসাস কর্মসূচি পালন করবে। ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস ও ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করা হবে। ১৩ ডিসেম্বর আলোচনা সভা হবে। এর পরের দিন ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৫ ডিসেম্বর আরেকটি আলোচনা সভার পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কর্মসূচি পালন করা হবে। ১৭ ডিসেম্বর বিজয় র্যালি ও ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হবে।
২১ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল, ২২ ডিসেম্বর যুবদল ও ২৩ ডিসেম্বর ছাত্রদল পৃথক কর্মসূচি পালন করবে। ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার দিন উপলক্ষে বিশেষ কর্মসূচি রয়েছে। ২৬ ডিসেম্বর ঢাকা দক্ষিণ মহানগর বিএনপি নয়াপল্টন থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত মিছিল করবে। পরের দিন ২৭ ডিসেম্বর ঢাকা উত্তর মহানগর বিএনপির মিছিল হবে। ২৮ ডিসেম্বর নাগরিক স্মরণসভা এবং ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশনের ব্যানারে চারটি বিভাগীয় শহরে কনসার্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। ১৬ ডিসেম্বর ঢাকায়, ১৭ ডিসেম্বর চট্টগ্রামে, ১৮ ডিসেম্বর বগুড়ায় ও ১৯ ডিসেম্বর খুলনায় এসব কনসার্ট হবে। এসব আয়োজনে মুক্তিযুদ্ধ, জাতীয়তাবাদ ও জাতীয় সার্বভৌমত্বের বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হবে।
যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বোমা হামলা, ভাঙচুর ও হামলা চালাচ্ছে। বিশেষ করে ফরিদপুর ও টুঙ্গিপাড়ায় এসব ঘটনা ঘটছে। পরাজিত ফ্যাসিবাদী শক্তির নাশকতার বিরুদ্ধে সতর্ক থাকার কথা বলেছেন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী মাসে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। সেই ঘোষণাকে ঘিরে সম্ভাব্য অস্থিরতা ও নাশকতার আশঙ্কা করছে বিএনপি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন